নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন

চিকিৎসা শেষে ছাড়া পেলেন ৫৩ জন, এখনো ভর্তি ৩৫ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ৮৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৩৫ শিক্ষার্থী চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, যেসব শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। যারা ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। কমবেশি সবাই মূলত বিষাক্ত ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সেবা দিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা শিক্ষার্থীরা জানাতে পারেনি।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আজিজুল ইসলাম সিয়াম (১৪), মো. খায়রুল (২০), ইউসুফ (১৮) ও জোবায়ের পাঠান (১৮) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কিশোর আজিজুলকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেটর) সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, আজিজুলের মা সোনিয়া আক্তার আইসিইউর বাইরে বসে ছেলের সুস্থতার জন্য দোয়া করছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে ওকে কোরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই; ও তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে আমার ছেলেটা আবার সুস্থ হয়ে উঠবে।’

সোনিয়া আক্তার জানান, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ। রাতে আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন। চারদিকের চিৎকার ও শোরগোল শুনে তাঁর ঘুম ভাঙে।

সোনিয়া আক্তার আরও জানান, তাঁর ছেলেকে আইসিইউতে মুখে অক্সিজেন নল লাগিয়ে রাখা হয়েছে। একটু পরপর গিয়ে তিনি ছেলেকে দেখে আসছেন। আজিজুলের বাবা সৌদিপ্রবাসী; গত মাসের ৪ তারিখে তিনি কর্মস্থলে ফিরে গেছেন। একমাত্র ছেলের এই পরিস্থিতির পর তিনি বিদেশ থেকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন; কিন্তু স্বামীকে ঠিক কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না এই মা।