দুস্থদের সেলাই মেশিন আওয়ামী লীগের নেতা–কর্মীদের হাতে

৪,৫৮০টি সেলাই মেশিন বরাদ্দ। ঢাকায় মেশিনের বড় একটি অংশ গেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের নামে।

আয়শা আক্তার শিল্পীর স্বামী পেশায় দরজি। আয়শার বাসায় দুটি সেলাই মেশিন রয়েছে। রাজধানীর উত্তর মুগদাপাড়ায় নিজ বাড়িতে কারিগরদের দিয়ে সেই মেশিন চালান স্বামী। গত ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা সাড়ে চার হাজার পা–চালিত সেলাই মেশিনের একটি তিনিও বরাদ্দ পেয়েছেন।

গত ১৮ অক্টোবর এই প্রতিবেদককে আয়শা আক্তার জানান, তিনি মহিলা আওয়ামী লীগের কর্মী। এখন তিনটি মেশিন নিয়ে কাজ করার জন্য একটি দোকান খুঁজছেন।

মহিলা আওয়ামী লীগের ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সম্পাদক সেগুফতা সালমা ধানমন্ডিতে ভাড়া বাসায় থাকেন। তিনি বলেন, তিনি দল থেকে বরাদ্দ পেয়েছেন। তবে তাঁর মেশিন লাগবে না। এই মেশিন হস্তান্তরযোগ্য নয়, তাই তিনি মেশিনটি দলের দুস্থ কোনো নারী কর্মীকে ব্যবহার করতে দেবেন।

দলের লোকজন তো পাবেনই। যাঁদের চিনি, তাঁদেরই তো দেব।
সাবেরা বেগম, সভাপতি, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ।

বঙ্গমাতার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে জুলাই ও আগস্টে সারা দেশে সেলাই মেশিন বিতরণ করা হয় মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে। সেলাই মেশিনের বিশেষ বরাদ্দের এই নির্দেশনায় বলা হয়েছে, কর্মক্ষম অথচ অসহায় ও অসচ্ছল নারীরা সেলাই মেশিন পাবেন। তবে রাজধানী ঢাকায় অসহায় ও অসচ্ছল নারীদের জন্য বরাদ্দ এই সেলাই মেশিনের বেশির ভাগই আওয়ামী লীগের নারী নেতা–কর্মীরা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত এলাকায় ২৩ জুলাইয়ের বরাদ্দের তালিকায় ৬৫ জন এবং ৩ আগস্টের তালিকায় ৪০ জন মোট ১০৫ জনের নামে মেশিন বরাদ্দ করা হয়। একইসংখ্যক সেলাই মেশিন ঢাকা উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) বরাদ্দ হয়েছে। ডিএসসিসির ৬৫ জনের তালিকায় ৪৯ জনের নাম যাচাই করা সম্ভব হয়েছে, যাঁরা ঢাকায় মহিলা আওয়ামী লীগের থানা কমিটির বিভিন্ন পদে রয়েছেন, কেউ কর্মী। এর বাইরে দুজনকে পাওয়া গেছে, যাঁরা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের চুক্তিবদ্ধ (আউটসোর্সিং) পরিচ্ছন্নতাকর্মী। আবার একই পরিবারের দুজনও পেয়েছেন।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তালিকা অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। প্রতিমন্ত্রীর বক্তব্য পেতে তাঁর ই–মেইল, তাঁর একান্ত সচিবের হোয়াটসঅ্যাপ ও ই–মেইলে প্রশ্ন পাঠানো হয়েছিল। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।

মহিলা আওয়ামী লীগের কদমতলী থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শাহিনুর। এখন কমিটি মেয়াদোত্তীর্ণ। তিনিও বরাদ্দ পেয়েছেন।

৪,৫৮০টি সেলাই মেশিন বরাদ্দ

জানা গেছে, দুস্থ ও অসচ্ছল নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাত থেকে সেলাই মেশিন দেওয়ার প্রচলন হয়েছে বহু বছর ধরে। ২০২০ সাল থেকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ওই মেশিন সারা দেশে নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৪ কোটি টাকা দিয়ে ৪ হাজার ১২৫টি সেলাই মেশিন কেনা হয়েছিল। অর্থাৎ একটি মেশিনের দাম পড়ে প্রায় ৯ হাজার ৭০০ টাকা। এবার বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন সারা দেশ থেকে ৪ হাজার ৫৮০টি মেশিনের চাহিদার তালিকা দেয়। ঘাটতি থাকা ৪৫৫টি মেশিন মহিলা অধিদপ্তরে আগের বছরগুলোর জমা থাকা মেশিন থেকে দেওয়া হয়।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে কথা বললেও নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁরা বলেন, তালিকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দপ্তরে গেছে। প্রতিমন্ত্রীর দপ্তর তালিকা অনুমোদন দিয়ে সরকারি আদেশ (জিও) করেছে। এরপর অধিদপ্তরের তালিকা অনুসারে সেলাই মেশিন বরাদ্দ দিয়েছে। যাঁর নামে বরাদ্দ, তিনি মেশিন বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না জানিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন।

বরাদ্দ নিয়ে তাঁরা যা বললেন

ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণে মহিলা আওয়ামী লীগের ২৪টি থানা কমিটি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি, হাজারীবাগ ও কলাবাগান থানা কমিটি ছাড়া বাকি থানা কমিটিগুলোর মেয়াদ নেই। ধানমন্ডি, হাজারীবাগ ও কলাবাগান থানা কমিটিকে ১০টি করে ৩০টি মেশিন দেওয়া হয়েছে। এর বাইরে মেয়াদোত্তীর্ণ কমিটির নেতা–কর্মীরাও মেশিন বরাদ্দ পেয়েছেন।

মহিলা আওয়ামী লীগের কলাবাগান থানা কমিটির সহসভাপতি রাফিয়া আক্তার (তুলি) একটি মেশিন পেয়েছেন। তিনি বলেন, ‘দলে অনেক অসচ্ছল ও দুস্থ মেয়ে রয়েছে। যে মেয়েটির দরকার, তাঁকে মেশিন দিয়ে দেব।’ কলাবাগান থানা কমিটির তিনজন সাংগঠনিক সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন প্রচার সম্পাদক এবং দুজন সদস্যের নামে সেলাই মেশিন বরাদ্দ হয়েছে।

মহিলা আওয়ামী লীগের কদমতলী থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শাহিনুর। এখন কমিটি মেয়াদোত্তীর্ণ। তিনিও বরাদ্দ পেয়েছেন। তবে শাহিনুর জানান, এখনো মেশিন হাতে পাননি। দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ মেশিন তিনি কেন নিচ্ছেন, প্রশ্ন করলে শাহিনুর বলেন, ‘আমি নিজেই দুস্থ। সেলাইয়ের কাজ জানি। আয় করার জন্য মেশিনটি চেয়েছিলাম।’

কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন (সাঈদা করিম) বলেন, স্বচ্ছতা রক্ষা করেই মেশিন দেওয়া হয়েছে। মেশিনপ্রাপ্ত কেউ অসচ্ছল কর্মীদের প্রশিক্ষণ দেবেন, কেউ নিজে ব্যবহার করে আয় করবেন।

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহেদা খানম (দীপ্তি) মেশিন বরাদ্দের জন্য মহিলা আওয়ামী লীগের দক্ষিণ ও উত্তরের কর্মীদের তালিকা তৈরি ও বিতরণের দায়িত্বে ছিলেন। এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাও মেশিন বরাদ্দ দিয়েছেন দলীয় কর্মীদের।

সাবেরা বেগম প্রথম আলোকে বলেন, ‘দলের লোকজন তো পাবেনই। যাঁদের চিনি, তাঁদেরই তো দেব। অনেক নারী কাজ জানেন না, দরিদ্র হিসেবে মেশিন বরাদ্দ পেয়ে বিক্রি করে দেন। তাই এমন নারীদের দেওয়া হয়েছে, যাঁরা সেলাইয়ের কাজ জানেন কিন্তু অসচ্ছল, হাত পেতে চাইতেও লজ্জা পান।’

কিন্তু কমিটির বিভিন্ন পদে থাকা নারীরা অসচ্ছল নন উল্লেখ করলে সাবেরা বেগম বলেন, তাঁরা দরিদ্র কাউকে মেশিন দিয়ে দেবেন।

সাহেদা খানম প্রথম আলোকে বলেন, তিনি মহিলা আওয়ামী লীগের উত্তরের ওয়ার্ডগুলোর জন্য ২০ জনকে মেশিন দিয়েছেন। দলের কর্মী হলেও ওই নারীরা অনেক অভাবী। দলের বিভিন্ন কাজে ওই কর্মীরা ছুটে আসেন, বিনিময়ে কিছুই পান না।

তালিকা অনুসারে উত্তর সিটি করপোরেশনের মধ্য বাড্ডা গুদারাঘাট এলাকার বাসিন্দা রুনা বেগম ও পলি বেগম মেশিন পেয়েছেন। গত ২২ অক্টোবর ওই এলাকায় গিয়ে তাঁদের পাওয়া যায়নি। পরে মুঠোফোনে রুনা বেগম বলেন, তাঁর স্বামী কৃষক।

তিনি কাজের প্রয়োজনে গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। মেশিন নেওয়ার সময় তিনি ও ‘প্রতিবেশী’ পলি বেগম মধ্য বাড্ডায় ছিলেন। এখন বাসা পাল্টে মোহাম্মদপুরে চলে এসেছেন। তিনি বলেন, ‘আমার ননদ মেশিন দুটি দিছে। সে আওয়ামী লীগের কর্মী। আমরাও আওয়ামী লীগ করি বলে মেশিন পাইছি।’

মহিলা আওয়ামী লীগের ধানমন্ডি থানা কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার ইভানা, সাংগঠনিক সম্পাদক নাদিয়া তাবাসসুমসহ বিভিন্ন পদে থাকা নারীদের নামে মেশিন বরাদ্দ হয়েছে।

অন্তত ৯ জনের নাম পাওয়া গেছে, দুটি ভিন্ন তালিকায় যাঁদের নামে দুটি মেশিন বরাদ্দ হয়েছে বলে উল্লেখ রয়েছে।

ঢাকার বাইরে

এদিকে ঢাকার বাইরে খোঁজ করতে গিয়ে দেখা গেছে, কোনো কোনো জায়গায় মহিলা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ পাওয়া নারীদের মেশিন দেওয়া হয়েছে। অনেক দুস্থ নারীরাও পেয়েছেন। তবে জেলাভেদে বরাদ্দে তারতম্য আছে। কোনো জেলায় ৩৫টি, কোনো জেলায় ১০০টির বেশি মেশিন বরাদ্দ হয়েছে। যেমন কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৮০টি, দিনাজপুরের ১৩টি উপজেলায় ১০০টি, গোপালগঞ্জের ৫টি উপজেলায় ১০৫টি, রাঙামাটির ১০টি উপজেলায় ৫০টি, মুন্সিগঞ্জের ৬টি উপজেলায় ৬৫টি, লক্ষ্মীপুর জেলায় ৫টি উপজেলায় ৩৫টি মেশিন বরাদ্দ হয়েছে।

সাধারণত একটি উপজেলার জন্য কমবেশি ৭টি মেশিন বরাদ্দ রাখার কথা বলা হলেও কোনো কোনো উপজেলায় জেলার চেয়ে বেশি মেশিন বরাদ্দ করা হয়েছে। যেমন গোপালগঞ্জের শুধু সদর উপজেলায় ৪৫টি মেশিন বরাদ্দ হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলার ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, কে কখন সেলাই মেশিন বরাদ্দ পাচ্ছেন, সেটা তাঁরা জানতেও পারেন না। উপজেলা পরিষদের চেয়ারম্যান নামের তালিকা করেছেন।