
ঘরমুখী মানুষের আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন খাতের মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। আজ সোমবার রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তাঁরা।
ঈদ উপলক্ষে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে সায়েদাবাদ টার্মিনালে আজকের সভা অনুষ্ঠিত হয়। এটির আয়োজক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনাসহ দেশের দক্ষিণ, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বাস চলাচল করে।
ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। তিনি আরও বলেন, মালিক সমিতি চাঁদা বন্ধে বদ্ধপরিকর। কোনো পরিবহনে যাতে নির্ধারিত বাড়ার বেশি নিতে না পারে, সেটা নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। মহাসড়কগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানো যাবে না। ঢাকার প্রতিটি বাস টার্মিনালে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। সেখানে যাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবেন।
একই চালক বিরামহীনভাবে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনা ঘটে উল্লেখ করে সাইফুল আলম বলেন, ঈদ মৌসুমে বেশি টাকা আয়ের জন্য অনেক চালক বিরামহীন গাড়ি চালান। এতে সড়কে দুর্ঘটনা ঘটে। চালকদের অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিয়ে বাস চালাতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন প্রমুখ।