
চিকিৎসক নূরজাহান ৪০ বছরের কর্মজীবনে দেশে এবং বিদেশে চিকিৎসা পেশায় কাটিয়েছেন। রাজধানীর একটি মাজার থেকে এই চিকিৎসককে উদ্ধার করে ঢাকার কল্যাণপুরে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত প্রবীণ নিবাস চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে আনা হয়েছিল চার বছর আগে।
তখন তিনি জানিয়েছিলেন, মিরপুরে ব্যাংকঋণের টাকায় বাড়ি বানিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ করতে না পারায় মামলা হয়। কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন দুই সন্তানসহ তাঁর ভাইবোনেরা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দার জানালেন, এখন নাকে নল দিয়ে খাওয়াতে হচ্ছে চিকিৎসক নূরজাহানকে। নূরজাহানসহ এখানে বিভিন্ন বয়সী ৭৭ জন মা রয়েছেন। মা দিবসে মায়েদের দেখতে নিবাসটিতে ছেলেমেয়েরা আসবেন না। কখনো আসেনও না। ২০১৪ সাল থেকে এমনই দেখে আসছেন মিল্টন সমাদ্দার।
আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব মা দিবস। চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের পক্ষ থেকেও মা দিবসে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা পালন করা হয় না। মিল্টন সমাদ্দার বললেন, ‘আমাদের নিবাসে প্রতিদিনই মা বা বাবা দিবস। শুধু এক দিনের আনুষ্ঠানিকতা আমরা পালন করি না বা এক দিন পালন করে লাভও নেই। মা দিবস তো দূরের কথা, নিবাসে মা মারা গেলে তাঁর লাশটাও নিতে চান না ছেলেমেয়েরা। পরে আমরা নিজ খরচে মায়ের ধর্ম অনুযায়ী শেষকৃত্যের ব্যবস্থা করি।’
মৌলভীবাজারের শমশেরনগরে ফাঁড়ি কানিহাটি চা–বাগানের সত্যনারায়ণ রবিদাস ও মা কমলি রবিদাসের একমাত্র ছেলে সন্তোষ রবিদাস। জন্মের পর মাত্র ছয় মাস বয়সে বাবাকে হারান সন্তোষ। চা–শ্রমিক হিসেবে কাজ করেই কমলি ছেলেকে বড় করেছেন। গত বছর চা–শ্রমিকদের আন্দোলনের সময় সন্তোষ মাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তা ভাইরাল হয়। সন্তোষ বর্তমানে একটি ব্যাংকে চাকরি করেন। কমলি অন্যের বাসায় ছেলেকে রেখে বাগানে কাজ করতেন। মজুরি কম হওয়ায় ঋণ নিয়ে ছেলেকে পড়িয়েছেন।
সন্তোষ জানালেন, ‘২০১৮ সালে শ্রেষ্ঠ মা হিসেবে উপজেলায় তাঁর মাকে সম্মাননা দেওয়া হবে বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছিল। তবে পরে মায়ের নামটা কেটে দেওয়া হয়েছিল। চা–শ্রমিক মা নাকি মঞ্চে কিছু বলতে পারবেন না, তাই নাম কেটে দেওয়া হয়েছিল। মা রোদ, বৃষ্টি, ঝড় সব মাথায় নিয়ে অমানুষিক পরিশ্রম করে আমাকে বড় করেছেন। এখন বুঝতে পারি মায়ের কষ্টটা।’
চা–শ্রমিকদের সন্তানদের বিনা মূল্যে পড়ানোসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত সন্তোষ রবিদাস। চাকরির প্রথম বেতন দিয়ে ঢাকা থেকে মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে গিয়েছিলেন। এখন মায়ের ঘরটি ঠিকঠাক করে দেওয়াসহ বিভিন্ন কাজে মাকে সহযোগিতা করছেন। ফলে মায়ের মুখে দেখা মিলেছে খুশির ঝিলিক।
হৃদয়ঙ্গম ঋদ্ধের নামে ফাউন্ডেশনের নাম রাখা হয়েছে ঋদ্ধ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের নানান কাজের মধ্যে ছেলেকে কাছে পান মা তৃষ্ণা সরকার। ২০১৯ সালে ধানমন্ডি লেকে সাঁতার কাটতে নেমে পায়ের মাংসপেশিতে টান লেগে পানি থেকে আর উঠতে পারেনি ছেলে। মারা যাওয়ার আগে ছেলে কলেজে ভর্তি হয়েছিল মাত্র তিন মাস আগে। ছেলে গান গাইত, ভায়োলিন বাজাত, ছবি আঁকত। সব সময় সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকত। ছেলে মারা যাওয়ার পর চারপাশের মানুষের কাছ থেকে আহা, উঁহু শুনতে ভালো লাগত না তৃষ্ণা সরকারের। ছেলের প্রিয় খাবার নিয়ে ফেসবুকে একটি পেজ খোলেন। তারপর একটি ফাউন্ডেশন করার চিন্তা মাথায় আসে।
তৃষ্ণা সরকার প্রথম আলোকে বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো কাজ করতে চাচ্ছি তা জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আর্থিক সহায়তায় এগিয়ে আসেন। ছেলের মৃত্যু দিবসে দেশের বিভিন্ন জায়গায় গাছ লাগাই। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যেসব স্কুল পরিচালিত হচ্ছে সেসব স্কুলের সঙ্গে বিভিন্ন কাজ করি। প্রতি বছর বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রকে ২৫ হাজার টাকা বৃত্তি দেওয়াসহ বিভিন্ন ভাবে কাজ করার চেষ্টা করছি। পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত শিশুদের বিনা মূল্যে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করি। যখন ঋদ্ধ ফাউন্ডেশনের নাম শুনি মনে হয় ছেলে আমার পাশেই আছে।’
২০১২ সাল থেকে তৃষ্ণা সরকার ও তাঁর স্বামী আলাদা থাকছেন। তৃষ্ণা জানালেন, ছেলে মেয়েদের মাসিক খরচ নিয়মিত দিচ্ছেন তাদের বাবা। তবে ছেলের মৃত্যুর পর পোস্টমর্টেম করার জন্য সিদ্ধান্ত দেওয়াসহ ছেলে মেয়েদের জীবনের সিদ্ধান্ত তৃষ্ণা সরকারকেই নিতে হচ্ছে। ছেলে মেয়েদের সময় দেওয়ার জন্যই ভালো একটি চাকরি ছেড়েছিলেন তিনি। এখন ভালো কাজের মধ্যেই ছেলেকে বাঁচিয়ে রাখতে চান।