ডেঙ্গুর প্রকোপ কমছে, ২৪ ঘণ্টায় ৪৯ রোগী হাসপাতালে ভর্তি

হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ৪৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৯ ও ঢাকার বাইরে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০২ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ১১০ জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।