রাজধানীর ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি গ্রেনেড ধ্বংস এবং যশোরে দুই কেজি বিস্ফোরকজাতীয় পদার্থ নিষ্ক্রিয় করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাতে পুরান ঢাকার টিপু সুলতান রোড থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারের ১১১টি গুলি, শটগানের ৬টি গুলি ও ২টি লং রেঞ্জ কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করে পুলিশ। এদিন বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানা এলাকায় একটি মসজিদের পাশের ময়লার স্তূপ থেকে ১৩টি সিসা ও ৪টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের একটি অংশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাজারবাগ-মালিবাগ উড়ালসড়কের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে শাহজাহানপুর থানা-পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার আরশি নগর রিসোর্টের পাশ থেকে একটি পুরোনো গ্রেনেড উদ্ধার করা হয়। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ গ্রেনেডটি ধ্বংস করে।
এ ছাড়া গতকাল যশোরের মনিরামপুর থানা-পুলিশ প্রায় দুই কেজি ওজনের উচ্চমাত্রার বিস্ফোরকজাতীয় পদার্থ উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে ডিএমপির সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল যশোর পুলিশ লাইনস মাঠে তা নিষ্ক্রিয় করে।