
ছেলের আকিকার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন সেনাসদস্য নাইচ আলী (২৯)। আকিকার জন্য গরু জবাই করে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে মাংসও বিলি করেছেন। দুপুরে বাড়িতে আয়োজন করেছিলেন খাওয়াদাওয়ার। কিন্তু ছেলের আকিকার আনন্দ সড়ক দুর্ঘটনায় হঠাৎ বিষাদে রূপ নিয়েছে। আকিকার অনুষ্ঠানের জন্য বাজার করতে গিয়ে বাসচাপায় সেনাসদস্য নাইচ আলী নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইচ আলী আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুড় গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেনাসদস্য নাইচ আলী দুই সন্তানের জনক। মেয়ের বয়স তিন আর ছেলে নবজাতক। আজ বাড়িতে নবজাতক ছেলের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সকালে বাড়িতে গরু জবাই করে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মাংস বিলি করেন। দুপুরে বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ছেলের আকিকার বাজার করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পৌর শহরের উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। তখন পেছন থেকে আসা আক্কেলপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাইচ আলী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ভ্যানে উঠে আক্কেলপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে সিঙ্গার শোরুমের কাছে হঠাৎ একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়।’
মহিতুড় গ্রামের বাসিন্দা ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবু হোসেন প্রথম আলোকে বলেন, নাইচ আলী তাঁর আত্মীয়। কয়েক দিন আগে তিনি ছেলের বাবা হয়েছেন। নবজাতক ছেলের আকিকার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। আজ সকালে আকিকার গরু জবাই করে মাংস বিলি করেছেন। মোটরসাইকেল নিয়ে ছেলের আকিকার বাজার করতে গিয়ে বাসের চাপায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে গ্রামবাসী সবাই মর্মাহত।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বাসচাপায় সেনাসদস্য নাইচ আলী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।