বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের এ জাদুঘরে বীজ নিয়ে চলে গবেষণা। বিরল বৃক্ষের চারাও উত্তোলন করা হয় নার্সারিতে।

তরমুজের মতো বড়সড় এক ফল। হলুদাভ শক্ত খোলস। ঝাঁকালে ভেতর থেকে বীজের শব্দ আসে। সে বীজও আকারে টেনিস বলের সমান। অঞ্চলভেদে তানপুরা, ডুগডুগি বা সিতারা নামে ডাকা হয়। তবে বইপত্রে ফলটির নাম বৈষ্ণব বেল। উপমহাদেশে সাধারণত এ ফলের ব্যবহার হয় বাদ্যযন্ত্র তৈরিতে। বৈজ্ঞানিক নাম Crescentia cujete।
চোখে লেগে থাকা ফলটির দেখা মিলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের তিনতলার একটি কক্ষে। কক্ষজুড়ে এমন সব বিচিত্র ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষের বীজ নিয়ে তৈরি হয়েছে বীজ গবেষণাগার। প্রবেশদ্বারের পাশের দেয়ালজুড়ে শেলফ। তাতে থরে থরে সাজানো বীজের বয়াম। কোনোটি বিপন্ন, কোনোটি বিরল আবার কোনোটি বিলুপ্তপ্রায় প্রজাতির বীজ। নাগলিঙ্গম, ঝুমকাভাদি, রক্তচন্দন, মহুয়া, উদাল, উজাল, কইন্ন্যারী থেকে শুরু করে বৈলাম— সব মিলিয়ে এ যেন অনন্য এক বীজের জাদুঘর।
২০০৫ সাল থেকে সংরক্ষণ করা হচ্ছে এসব দেশজ বৃক্ষের বীজ। ইনস্টিটিউটের শিক্ষার্থী সুদীপ্ত সেনগুপ্ত বলেন, গত বছর দুধকুরুচ, বুদ্ধ নারিকেল, লম্বু, চিকরাশি, জালিবেত, বন আমড়াসহ অনেক প্রজাতির বীজ যোগ হয়েছে তাঁদের সংগ্রহশালায়। টাঙ্গাইলের মধুপুর থেকে আনা হয় এসব বীজ। এ বছর সুন্দরবন থেকে আনা হয়েছে গোলপাতার বীজ।
২০০৫ সাল থেকে বীজ সংরক্ষণ শুরু হলেও গবেষণাগারটি চালু হয় ২০০৬ সালে। সে বছর বিশ্বব্যাংকের অর্থায়নে ও আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে গবেষণাগারটি চালু হয়। তখন থেকে এটি পরিচালনা করে আসছিলেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন।
সম্প্রতি তিনি অবসরে গেছেন। মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে জানান, চার শতাধিক প্রজাতির বীজের সংগ্রহ রয়েছে এখানে। এর মধ্যে ৩৫ প্রজাতির ফলদ, ২৬ প্রজাতির ঔষধি আর বাকিগুলো বনজ বৃক্ষের বীজ। এ পর্যন্ত ইনস্টিটিউটের উদ্যোগে ৩০ হাজারের বেশি চারা রোপণ করা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায়।
গবেষণাগারে গিয়ে দেখা যায়, একপাশের জানালায় ঝোলানো রয়েছে পাহাড়ি গিলা লতা। দেশের শিম প্রজাতির মধ্যে এ গিলাই সবচেয়ে বড় লতা বলে জানালেন স্নাতকোত্তরের শিক্ষার্থী সুদীপ্ত।
বীজ সংগ্রহের পর প্রথমে অঙ্কুরোদ্গম নিয়ে গবেষণা চালানো হয়। রক্তচন্দনের বীজ টকটকে লাল। কুসুম ফুলের বীজ সাদা। কোনো বীজ বিশাল বড়, কোনোটি আবার এত ক্ষুদ্র যে হাতের রেখার ভাঁজে আটকে থাকে। একেকটার চারা গজানোর মর্জিও একেকরকম। কারও ওপরের আবরণ খুব পাতলা। আঙুলের চাপেই ভেঙে যায়। কারও এত মোটা আর শক্ত যে মাটি-পানিতে টিকে থাকতে পারে বছরের পর বছর। তাই কোন পরিবেশ পেলে বীজ থেকে সবচেয়ে ভালো চারা গজাবে, সে বিষয়ে চলে পরীক্ষা–নিরীক্ষা। শ্বেত কড়ইয়ের বীজ গরম পানিতে ডুবিয়ে রাখলে ভালো অঙ্কুরোদ্গম হয়। কারও আবার পছন্দ ঠান্ডা পানি।
এমন নানাবিধ পরীক্ষার পর সঠিক উপায় চিহ্নিত করে বীজগুলোর একটা অংশ পাঠানো হয় বন ও পরিবেশবিজ্ঞান অনুষদের নিজস্ব নার্সারিতে। সেখানে এগুলোর চারা তৈরি হয়।
তারপর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোপণ করে সংরক্ষণ করা হয় সেগুলো। চারাগুলো মাতৃবৃক্ষে পরিণত হলে তাদের থেকে আবার নতুন বীজ সংগ্রহ করা হবে।
তাই এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বলেন ‘আরবোরেটাম’, অর্থাৎ যে এলাকায় কৃত্রিমভাবে গাছ লাগিয়ে গবেষণা বা শিক্ষামূলক উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়।
রোদে শুকিয়ে, ফরমালিন দিয়ে এবং রেফ্রিজারেটরে রেখে বীজ সংরক্ষণ করা হয়। বর্তমানে আরেকটি পদ্ধতি নিয়ে গবেষণা হচ্ছে। তার নাম সয়েল সিড ব্যাংক।
সুদীপ্ত জানালেন, প্রাকৃতিকভাবে মাটিতে কিছু বীজ লুকিয়ে থাকে। এসব বীজের ওপরের আবরণ বেশ শক্ত হয়। তাই মাটির ভেতরে বছরের পর বছর তারা অপেক্ষা করতে পারে।
অনুকূল পরিবেশ পেলে তবেই ছোট্ট শরীরের ভেতরে লুকানো চারাটি খোলস ছেড়ে বেরিয়ে আসে। মাটি ও বীজের এ সম্পর্ক কাজে লাগানোর চেষ্টা চলছে গবেষণাগারে। জোগাড় করা হয়েছে প্রায় ৪০ রকমের মাটির নমুনা।
বৃক্ষের পাতা সংগ্রহ করে মোটা একধরনের কাগজের ওপর তাকে সুতা দিয়ে আটকানো হয়। তারপর কাঠের ফ্রেমে বেঁধে চাপা দিয়ে রেখে দেওয়া হয় কয়েক দিন। রস বেরিয়ে গিয়ে পাতাটি কাগজের গায়ে লেগে যায়। কিন্তু তার রং-রূপ থাকে অপরিবর্তিত। এরপর নাম-পরিচয় লিখে কাগজের ফাইলে সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিকে বলা হয় ‘হারবেরিয়াম’। বীজ গবেষণাগারে এমন হারবেরিয়ামের সংখ্যা সাড়ে চার শতাধিক।
এ বীজ গবেষণাগারের সংগ্রহে রয়েছে হলদু, কাইকা, কৃষ্ণ কড়ই, পীতরাজ, রয়না, আগর, হিজল, কাইনডিঙ্গা, লউভাদি, বন-শিমুল, পাহাড়ি-শিমুল, মুস, পইরাগ, ধূপ, কুমভি, গাদিলা, শিল-বাটনা, জাত বাটনা, লাল বাটনা, তেজ বহল, কস্তুরি, হারগোজা, ধলি-গর্জন, ডুইলা-গর্জন, বাইট্টা-গর্জন, শিল-গর্জন, কুদিবারেলা, লাউবারেলা, বান্দরহুলা, কিচরা-ভাদি, বড়হরিণা, তেলসুর, চালমুগরা, কেলি-কদম, ভূঁই-কদম, সিধা জারুল, টিলা জারুল, দুবা বাটনা, কাঁটা বাটনা, বড় বাটনা, কালি বাটনা, গুইজা বাটনা, রক্তন, নুনিয়া বুড়া, ডুলি চম্পা, ক্যামেলা, সিঁদূরী, উরিআম, জংলি আম, টালি, গুটগুট্যা, কনক চাঁপা, মুসকন্ধ, বড় আসার, লানা-আসার, নারিকোলি, কনক, মন-চাম্পা, কুসুম, ফাইশ্যা-উদাল, ধারমারা, পারুল, বন সোনালু, ঢাকি-জাম, বহেরা, হরীতকী, চণ্ডুল, মইনাকাটা, তুন, সুরুজবেত, রঙ্গী, আরশোল, হরিণা, গোদাহরিণা, বাজনা, নলীজাম, গোলাপজাম, জামালগোটা, কামদেব, নাগেশ্বর, চন্দন, পিতুয়া কড়ই, বনপেঁপে, লালডুমুর, খরুল্লা ও কালাকুরুচ বৃক্ষের বীজ ও নমুনা।