
চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর ভুয়া নাম-ঠিকানা দিয়ে কারাগারে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামি। পরে আসল পরিচয় বেরিয়ে এলে দেখা যায়, ২৩ দিনের ব্যবধানে দুটি মামলায় গ্রেপ্তার হয়ে দুবারই এই কাজ করেছেন তিনি। চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জামিনে বেরিয়ে গেলে কিংবা সাজা হয়ে গেলে যাতে আর ধরা না পড়েন, সে জন্য আসামি এই কৌশল নিয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে নতুন বন্দী এলে তাঁর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রে দেওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে প্রকৃত পরিচয় নিশ্চিত হতে হয়। সেটা করেই ওই আসামির সঠিক পরিচয় উঠে আসে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই আসামির প্রকৃত নাম কুলসুমা খাতুন। কক্সবাজার জেলার টেকনাফের মৃত আবদুল জলিলের মেয়ে তিনি। গ্রেপ্তারের পর দুটি মামলায় ভুয়া ঠিকানা দেওয়ার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ গত ১৪ নভেম্বর আদালতকে লিখিতভাবে জানিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ কারাগার থেকে পাঠানো চিঠি দুটি মামলার তদন্ত কর্মকর্তাকে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, আসামি মাদকের দুটি মামলায় ভিন্ন দুটি নাম-ঠিকানা দিয়ে কারাগারে আসেন। আঙুলের ছাপ নেওয়ার পর দেখা যায়, দুটি ঠিকানাই ভুয়া। আসামির প্রকৃত নাম কুলসুমা খাতুন। কিন্তু তিনি একবার ‘মুন্নী বেগম’ ও আরেকবার ‘রুবি আক্তার’ পরিচয়ে কারাগারে আসেন। বিষয়টি লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে।
মঞ্জুর হোসেন আরও বলেন, আসামি নিজেও স্বীকার করেছেন জামিনে বেরিয়ে যাতে আর ধরা না পড়েন, সে জন্য আসল পরিচয় গোপন রেখে ভুয়া নাম-ঠিকানা দিয়েছেন। তিনি বলেন, কুলসুমা ২০১৮ সালে কোতোয়ালি থানায় ইয়াবা-সংক্রান্ত আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। ওই বছরের ২৮ মে তিনি এই মামলায় জামিনে মুক্তি পান। তখন তিনি তাঁর প্রকৃত নাম-ঠিকানা দিয়েছিলেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় গত ২১ আগস্ট ১ হাজার ১০০ ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামি নিজেকে টেকনাফের মৃত কালা মিয়ার মেয়ে মুন্নী বেগম পরিচয় দেন। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন। মুন্নী পরিচয়ে (প্রকৃত নাম কুলসুমা খাতুন) ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে এই মামলায় গত ১৩ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি।
মুক্তির ২৩ দিনের মাথায় গত ৫ নভেম্বর নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ১ হাজার ৫০ ইয়াবাসহ আবার গ্রেপ্তার হন কুলসুমা। এবার নিজেকে ‘রুবি আক্তার’ নামে পরিচয় দেন তিনি। কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর আসামি একেক নাম-ঠিকানা দিয়েছেন। শেষ পর্যন্ত স্থানীয়ভাবে যোগাযোগ করে ‘রুবি আক্তার’ লেখা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, তদন্তের শুরুতে ঠিকানাটি সঠিক পাওয়া যায়নি। পরে কারাগারে আঙুলের ছাপে তাঁর সঠিক নাম-ঠিকানা বেরিয়ে আসে। আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে।
দুই মামলার আসামি এক আইনজীবী
কুলসুমা (রুবি ও মুন্নী) যে দুই মামলায় ভুয়া নাম দিয়েছেন, দুটিতেই তাঁর আইনজীবী আরাফাত রহমান। জানতে চাইলে আইনজীবী আরাফাত রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার এক মক্কেলের মাধ্যমে ওই আসামির জামিনের আবেদন করি। দুই মামলায় ভিন্ন নামের আসামি একই ব্যক্তি কি না জানি না। মামলায় যে নামে রয়েছে, সেই নামে জামিন আবেদন করি। এখন আসামি যদি ভুয়া নাম-ঠিকানা দেন, পুলিশ তা তদন্তে বের করবে।’ তিনি আরও বলেন, ‘কারাগারে আঙুলের ছাপে আসামির প্রকৃত পরিচয় উঠে আসার বিষয়টি জানার পর তাঁর মামলা আর পরিচালনা করছি না।’
পুলিশের কিছু সদস্যের গাফিলতির কারণে মাদক মামলায় গ্রেপ্তার আসামিরা জামিনে বেরিয়ে গ্রেপ্তার এড়ানো কিংবা সাজামুক্ত থাকতে ভুয়া নাম-ঠিকানা দিচ্ছেন বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর আসামি যে নাম-ঠিকানা দেন, তা তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা চৌকিদারের সঙ্গে যোগাযোগ করে যাচাই-বাছাই করা উচিত। এ ছাড়া আসামির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র নম্বর নিয়ে সঠিক নাম-ঠিকানা দেওয়া যায়। যদিও গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হয়। তারপরও ওই সময়ের মধ্যে এটি করা সম্ভব।