বট ফলের দিকেই যেন সব মনোযোগ বসন্তবাউরিটির। চট্টগ্রাম নগরের জামালখানে
বট ফলের দিকেই যেন সব মনোযোগ বসন্তবাউরিটির। চট্টগ্রাম নগরের জামালখানে

যেসব গাছের বীজ ‘বপন’ করে পাখিরা, মানুষ বপন করলে কেন জন্মায় না চারা

গ্রামীণ জনপদে শতবর্ষী বটগাছের সঙ্গে জড়িয়ে থাকে কয়েক প্রজন্মের স্মৃতি। বটগাছ ঘিরে গড়ে ওঠে হাটবাজার। ব্যস্ত নগরেও চলতি পথে নানা জায়গায় দেখা মেলে বটগাছের। পথেঘাটে ও হাটবাজারের এসব বটগাছ মানুষ রোপণ করে না। পাখিদের ছড়িয়ে দেওয়া বীজ থেকে জন্ম নেয় এসব গাছ। বাস্তুতন্ত্রে পাখির ভূমিকা সে জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শুধু বটগাছ নয়, পাকুড়, ডুমুর ও জীবনগাছও (ইন্ডিয়ান চারকোল ট্রি) এভাবে জন্মায়। এসব গাছের ফল পাখি খাওয়ার পর বীজ পাখির পরিপাকতন্ত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে। সে বীজ পাখির মলত্যাগের সঙ্গে মাটিতে পড়লে জন্ম হয় বটজাতীয় এসব গাছের। কেউ বট, পাকুড়, ডুমুর ও জীবনগাছের বীজ বপন করলে সেখান থেকে সাধারণত চারা জন্মায় না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমদ খান প্রথম আলোকে বলেন, বট, পাকুড়, ডুমুর ও জীবনগাছের বীজ সাধারণত মানুষ বপন করলে হয় না। পাখির মাধ্যমে এগুলোর বিস্তার ঘটে। পাখি এসব গাছের ফল খেয়ে থাকে। পরিপাকতন্ত্রে থাকা অম্ল ও এনজাইমের সংস্পর্শে বীজ অঙ্কুরোদ্‌গমের উপযোগী হয়ে ওঠে। এরপর মাটিতে পড়ে জন্ম নেয় এসব গাছ।

বীজের কারিগর বুলবুল, কোকিল ও হরিয়াল

দেশে কোন ধরনের পাখি বীজ ছড়ানোর কাজ করে, তা জানতে চাইলে খ্যাতিমান পাখিবিশারদ ইনাম আল হক প্রথম আলোকে বলেন, হরিয়াল, কোকিল, বুলবুল—এ তিন ধরনের পাখিকে বেশি দেখা যায় এসব গাছে। হরিয়ালের মূল খাবারই হলো বটের ফল। তেমনি কোকিলের উপস্থিতি পাবেন বট ও পাকুড়—দুই ধরনের গাছেই। বাংলাদেশে বট-পাকুড়গাছের বীজ বপন করে কোকিল ও হরিয়াল। জীবনগাছের ফল ছোট। ছোট পাখি, যেমন বুলবুলি, এসব গাছের ফল খায় বেশি। জীবনগাছের বিস্তারে এই পাখির ভূমিকা আছে।

ইনাম আল হক আরও বলেন, এ গাছগুলোর ফল নিয়ে লাগালে কিছুতেই গাছ হবে না। পাখির পেটের ভেতর দিয়ে এসব বীজকে সেদ্ধ হয়ে আসতে হয়। বহু পাখি আছে, যাদের প্রধান কাজই হলো এভাবে বীজ ছড়িয়ে দিয়ে বন তৈরি করা, সম্প্রসারণ করা। প্রাকৃতিক দুর্যোগে বনের ভেতর গাছ ভেঙে পড়ছে, আগুন লেগে ফাঁকা হয়ে যাচ্ছে। ওই সব ফাঁকা জায়গায় কেউ তো বনায়ন করে না। ধনেশের মতো বড় পাখিরা এসব বনকে সারিয়ে তোলে বীজ ছড়িয়ে দিয়ে।

ভারতের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ইনাম আল হক বলেন, ‘একটি ধনেশ পাখি বছরে ১৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২৪ থেকে ২৬ হাজার বীজ ছড়ায়, যা একটি ছোটখাটো বন তৈরি করতে পারে। এ জন্য পাখি শেষ হয়ে গেলে বনও শেষ হয়ে যাবে। আমরা কয়টা গাছ সুন্দরবনে লাগাতে পারব? বহু বন আছে, যেখানে আপনি কিছু করতে পারবেন না। পাখিরা না থাকলে প্রাকৃতিক বনায়নের কাজটি বন্ধ হয়ে যাবে।’

শান্ত ভঙ্গিতে বটের ডালে বসে আছে এক কোকিল

বাংলাদেশে তিন প্রজাতির ধনেশ পাখি পাওয়া যায়। এর মধ্যে প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট ২০২০ সালে রাজধনেশকে সংকটাপন্ন শ্রেণিতে তালিকাভুক্ত করেছে। উদয়ী পাকরা ধনেশ তুলনামূলক কম হুমকির মধ্যে আছে। তাই সেটিকে লিস্ট কনসার্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাতাঠুঁটি ধনেশ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না।

ধনেশের জন্য বড় ও পুরোনো গাছবিশিষ্ট বন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এরা সাধারণত গাছের কাণ্ডের প্রাকৃতিক কোটরে বাসা বাঁধে। প্রজননের সময় স্ত্রী ধনেশ ওই কোটরে অবস্থান করে এবং পুরুষ পাখি বাইরে থেকে খাবার জোগায়। সচরাচর চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এ পাখির দেখা মেলে।

জলাশয়, হাওরে মাছের জন্য অক্সিজেন ও সার জোগায় পাখি

ইনাম আল হক বলেন, ‘আপনি হাওরে গেলে দেখতে পাবেন, যেখানে পাখি কম, সেখানে মাছও কম। পাখি সারা দিন পানিতে ডুব দেয়। এর ফলে মাছ ও গাছ অক্সিজেন পায়। এটা না হলে হাওরে, জলাশয়ে মাছ ও গাছ বাঁচবে না। যাঁরা পুকুরে মাছ চাষ করেন, দেখবেন, তাঁরা যন্ত্র বসিয়ে পানিতে অনবরত একটি ঢেউ তৈরি করেন, যাতে পানিতে অক্সিজেন মেশে। হাওরে এটি করে পাখিরা।’

এই পাখিবিশারদ আরও বলেন, পাখির বিষ্ঠা নাইট্রোজেনসমৃদ্ধ সার। সিলেট অঞ্চলের হাওরে এক হিসাবে দেখা যাচ্ছে, প্রতিদিন আড়াই টনের মতো পাখির বিষ্ঠা সার হিসেবে মিশে যায় পানিতে। এর ফলে পুষ্টি পায় মাছ ও গাছ। এ বিষ্ঠা ছাড়া তো মাছ ও গাছের অস্তিত্ব থাকবে না।

পাখি কী ভূমিকা পালন করে হাওরে বা জলাশয়ে, সে বিষয়ে মানুষের ধারণা নেই মন্তব্য করে ইনাম আল হক বলেন, মাছ চাষ করার জন্য পুকুরে আগে চুন দিতে হয়, ইউরিয়া ও গোবর দিতে হয়। এগুলো দিলে পানিতে শৈবাল জন্মায়, যা মাছ খেয়ে পরিপুষ্ট হয়।

ইনাম আল হকের মতে, ‘আমরা হাওরে তো কিছুই দিই না, হাওর তো পুকুরের চেয়ে লাখো গুণ বড়! মাছ হয় কী করে? পাখি আছে বলে! যে হাওরে পাখি নামবে না, সেখানে দু–এক বছরের মধ্যে মাছ থাকবে না।’

এর বাইরেও পাখি আরেকটি চমৎকার ভূমিকা পালন করে জানিয়ে ইনাম আল হক বলেন, গাছের পাতায় নানা ধরনের পোকা হয়। এসব পোকা গাছের পাতা খায়। কিন্তু পুরো পাতা খেয়ে ফেললে গাছের সালোকসংশ্লেষণ সংকটে পড়ে যাবে। পাখি এসব পোকা খেয়ে একটা ভারসাম্য রক্ষা করে।

উদাহরণ টেনে এই পাখিবিশারদ বলেন, ‘টবে গাছ লাগালে আপনাকে স্প্রে করতে হয় পোকা দূরে রাখার জন্য। কারণ, সেখানে তো পাখি আসতে পারছে না। কিন্তু সুন্দরবনে তো আমরা কোনো স্প্রে করি না, ওখানে গাছ কীভাবে বেঁচে আছে?’ তিনি আরও বলেন, শীতে সুন্দরবনে ৮০–৯০ লাখ থেকে ১ কোটি ছোট পাখি থাকে। এরা আছে বলেই গাছগুলো টিকে আছে। কাকড়া ও কেওড়াগাছের পাতা মোটা ও খুব সুস্বাদু। বাদুড়, মাছ ও পোকা এগুলো খায়। কিন্তু পোকাকে নিয়ন্ত্রণ করছে একটাই জিনিস—পাখি! গাছের সত্যিকারের বন্ধু হলো এই পাখি।

পাখিবিষয়ক জার্নাল দ্য অকে বলা হয়েছে, পৃথিবীতে ৭০ থেকে ৭৫ শতাংশ পাখিই পোকাখেকো—পোকা খেয়েই বেঁচে থাকে।

ইনাম আল হকের মতে, বাংলাদেশে ৭০০ প্রজাতির পাখির মধ্যে ৫০০ প্রজাতিই পোকা খাওয়া পাখি। আরও ১০০ প্রজাতি মাছ খাওয়া এবং ১০০ প্রজাতি ফল-বীজ খেকো বা সর্বভুক। তাই পাখি রক্ষায় গ্রামগঞ্জ, নগর ও মফস্‌সলে সবার মধ্যে সচেতনতা তৈরি করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাখি না থাকলে মানবজাতির অস্তিত্ব থাকবে না।