নির্বাচনী বছরে রাজনৈতিক দলগুলোর বেআইনি তৎপরতা বন্ধে পুলিশকে কাজ করতে হবে: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ছবি: পুলিশের সৌজন্যে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের বছরে সাধারণত রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ে। এ সময় দলগুলো যেন বেআইনি তৎপরতা না চালাতে পারে, তা নিশ্চিতে পুলিশকে পেশাদারির সঙ্গে কাজ করতে হবে।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে বৃহস্পতিবার ত্রৈমাসিক অপরাধবিষয়ক সভার শেষ দিনে এসব কথা বলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার দুই দিনব্যাপী এ সভা শুরু হয়।

আইজিপি বলেন, ‘আগামীতে আইনশৃঙ্খলা–সংক্রান্ত নানা চ্যালেঞ্জ আসতে পারে। আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ জন্য পুলিশের প্রয়োজনীয় লজিস্টিকস, প্রশিক্ষণ এবং পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল রয়েছে।’

পুলিশপ্রধান বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন, পুলিশ তা–ই করবে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত রয়েছি।’

আইজিপি বলেন, ‘গুজব ছড়িয়ে কেউ যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি গুজব রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। ফোর্সের (বাহিনীর) ওয়েলফেয়ার (কল্যাণ) নিশ্চিত করতে হবে।

ফোর্সের ওয়েলফেয়ার দেখতে গিয়ে শৃঙ্খলার সঙ্গে আপস করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিচ্যুত আচরণের দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না।’

সভায় পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসান উল হায়দার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ল্যান্ড অ্যান্ড এস্টেট, ফাইন্যান্স, অডিট অ্যান্ড ইন্সপেকশন এবং অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার সংশ্লিষ্ট উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) নিজ নিজ শাখার কার্যক্রম তুলে ধরেন।

অপরাধবিষয়ক সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেনসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারেরা উপস্থিত ছিলেন।