ম্রো লোককাহিনির সংকলন

হারিয়ে যেতে বসা গল্প 

ম্রোচ সাংচিয়া সম বইয়ের প্রচ্ছদ।
ম্রোচ সাংচিয়া সম বইয়ের প্রচ্ছদ।

সে অনেক অনেককাল আগের কথা। ম্রো পাড়ায় রিনা নাম্মার আগমন ঘটে। রিনা নাম্মা ম্রোদের কলেরা দেবতা। ছড়িয়ে পড়ে মহামারি। উজাড় হয় পাড়ার পর পাড়া। এমন দুঃসময়ে কান্ডারি হন স্থানীয় এক বয়স্ক ব্যক্তি। ওই ব্যক্তির স্বপ্নে ধরা দেন একজন সন্ন্যাসী। তিনি ওই ব্যক্তিকে প্লুং বানাতে ও বাজাতে শেখান। ম্রো ভাষায় প্লুং মানে বাঁশি। সন্ন্যাসীর শিখিয়ে দেওয়া কৌশলে প্লুং বানিয়ে তা বাজাতে শুরু করেন ওই বয়স্ক ব্যক্তি। আর এতেই বিদায় নেন রিনা নাম্মা। দূর হয় মহামারি। সুস্থ হয়ে ওঠেন ম্রোরা।

বছরের পর বছর ধরে ম্রোদের মুখে মুখে ফিরেছে রিনা নাম্মার আগমন ও চলে যাওয়ার এই লোককাহিনি। এখন ‘রিনা প্লুংয়ের লোককাহিনী’ নামে এটা লিপিবদ্ধ হয়েছে। নামটি বাংলা করলে দাঁড়ায় ‘কলেরা তাড়ানো বাঁশি’। গল্পটি লিপিবদ্ধ হয়েছে ম্রোচ সাংচিয়া সম (ম্রো গল্পসমগ্র) বইয়ে। বইটি সংকলিত করেছেন ইয়াংঙান ম্রো। গত শনিবার বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ের রামরিপাড়া এলাকায় অনাড়ম্বর অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

ম্রোচ সাংচিয়া সম মূলত ১০০টি ম্রো লোককাহিনির এক অনবদ্য সংকলন। ম্রো ভাষায় লেখা হয়েছে বইটি। হারিয়ে যেতে বসা এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা এসব লোককাহিনিতে পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধের উৎসের কথা খুঁজে পাওয়া যায়। প্রতিটি লোককাহিনির শেষে জুড়ে দেওয়া হয়েছে শিক্ষামূলক কথা।

এখন ‘রিনা প্লুংয়ের লোককাহিনী’ নামে এটা লিপিবদ্ধ হয়েছে। নামটি বাংলা করলে দাঁড়ায় ‘কলেরা তাড়ানো বাঁশি’। গল্পটি লিপিবদ্ধ হয়েছে ম্রোচ সাংচিয়া সম (ম্রো গল্পসমগ্র) বইয়ে।

‘চিনিনাত বা সম্পদের দেবতার পূজা’র গল্পে গরিব দাদা–নাতির কথাই ধরা যাক। দেবতা চিনিনাতের কৃপায় বিত্তশালী হন তাঁরা; কিন্তু পেয়ে বসে অহংকার। সম্পদের গরিমায় তাঁরা গরিব মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করেন। হঠাৎ একদিন গরিব মানুষের বেশ ধরে দাদা–নাতির দ্বারে আসেন স্বয়ং চিনিনাত। দেবতাকে চিনতে না পেরে তাচ্ছিল্য করেন তাঁরা। এতে চিনিনাত রুষ্ট হন। কেড়ে নেওয়া হয় দাদা–নাতির সব সম্পদ। আবারও পথে বসেন দুজন। এরপর রাজকন্যার মুক্তার মালা চুরির অভিযোগ ওঠে। জেলে যেতে হয় দাদা–নাতিকে। 

বন্দিজীবনে মৃত্যুর প্রহর গুনতে থাকা দাদা–নাতি আবারও চিনিনাতের শরণাপন্ন হন। পূজায় বসেন। চিনিনাত তাঁদের মুক্ত করেন। এ লোককাহিনি জায়গা পেয়েছে ম্রোচ সাংচিয়া সমে। মূলকথা—অহংকার পতনের মূল। ম্রো পাড়ায় গেলে এখনো চিনিনাতের পূজা হতে দেখা যায়। 

ম্রোচ সাংচিয়া সম বইয়ে লোককাহিনি ও রূপকথা দুটিই রয়েছে। লোকসমাজের মানুষকে ঘিরে মৌখিক এই সাহিত্যে ম্রোদের সহজ–সরল জীবনের চিত্র উঠে এসেছে। গল্পের রাজা-রানিদের রাজসিক জৌলুশে হীরা, মানিক, জহরতের ঝলকানি, সৈন্যসামন্ত ও হাতি–ঘোড়ার ঝনঝনানি নেই। শুধু পাহাড়, বন, ঝিরি, ঝরনা, জুমচাষ, জুমের নির্জনতায় ফসল কাটার গান, বন্য প্রাণী শিকারের চিত্র পাওয়া যায়। 

বইটির সংকলক ইয়াংঙান ম্রো একজন ম্রো ভাষার গবেষক ও লেখক। তিনি বলেন, দীর্ঘ চার–পাঁচ বছর বিভিন্ন পাড়া ও গ্রামে বয়স্ক ব্যক্তিদের কাছে, বিশেষ করে বয়স্ক নারীদের মুখে গল্প শুনেছেন। গল্পগুলো বুনো পাখি, হাতি, বাঘসহ বিভিন্ন পশু–পাখিকে উপজীব্য করে বলা হয়। এ ছাড়া ভূত ও রাক্ষসের কাহিনিও আছে। এসব গল্প বংশপরম্পরায় মুখে মুখে ম্রোরা তাঁদের শিশুদের শুনিয়ে আসছেন; কিন্তু এসব গল্প এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়ার আগে লোককাহিনিগুলো সংগ্রহ ও সংকলিত করেছেন তিনি।

লোককাহিনিগুলো খুঁজে বের করে কেন লিপিবদ্ধ করলেন—এমন প্রশ্নের জবাবে ইয়াংঙান ম্রো বলেন, বই বিক্রি করে লাভবান হওয়া উদ্দেশ্য নয়; বরং এসব গল্পের মধ্য দিয়ে ম্রো সম্প্রদায়ের মূল্যবোধের শিকড় খুঁজে পাওয়া এ কাজের মূল উদ্দেশ্য। আগামী প্রজন্মের ম্রো গবেষকেরা নিজেদের জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যে শিকড়ের সন্ধান করলে এই বই থেকে অনেক কিছু খুঁজে পাবেন।

এটা ইয়াংঙান ম্রোর লেখা কিংবা সংকলন করা প্রথম বই নয়। এর আগে নিজ সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ক্রামা ধর্ম নিয়ে বই লিখেছেন তিনি। এর মধ্যে ম্রো ভাষায় ২১টি এবং বাংলা হরফে ১২টি বই লেখা হয়েছে।