আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা
আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা

স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের মধ্যে চুক্তি–সমঝোতা স্মারক সই

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব নার্সিং এবং ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব চুক্তি করা হয়।

গত ৩১ আগস্ট আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য আবদুর রব এবং ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম চুক্তিটি ক্লিনিক্যাল প্লেসমেন্ট–সংক্রান্ত সমঝোতা স্মারক। এর আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রযোজ্য একাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালিত হবে। রোগীর সেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ দক্ষতা ও পেশাগত নৈতিকতার ক্ষেত্রে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব স্বাস্থ্যসেবা পরিবেশে প্রয়োগের সুযোগ তৈরি হবে।

একই দিনে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারকটি ইন্টার্নশিপ–সংক্রান্ত। এর মাধ্যমে ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের যোগ্য গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাস মেয়াদি কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তৃতীয় চুক্তিটি একটি সেবা চুক্তি (সার্ভিস অ্যাগ্রিমেন্ট)। এর আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালের নির্বাচিত স্বাস্থ্যসেবা করপোরেট ডিসকাউন্টে গ্রহণ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা। তবে সুবিধাগুলো চুক্তিতে নির্ধারিত শর্ত ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী কার্যকর হবে।