ছোটদের মহাকাশ চেনানোর উৎসব

বিজ্ঞান উৎসবে কাগজ দিয়ে রকেট তৈরি করে ছোট শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

কেজি ওয়ানে পড়ুয়া দুই বোন সৈয়দা জারিন হোসেন ও সৈয়দা সামিন হোসেনের কাগজের রকেট খুব পছন্দ হয়েছে। রকেট নিয়ে তাদের আগ্রহের কথা জিজ্ঞেস করতেই পাশ থেকে একই ক্লাসের শিক্ষার্থী এস এম আকিব বলে ওঠে, ‘আমি স্পেসে (মহাকাশ) যেতে চাই।’ স্পেস কোথায়? আকিব হাত উঁচিয়ে দেখায় মাথার ওপর।

মহাকাশ, বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা ও আগ্রহ তৈরিতে তাঁদের স্কুলে দিনব্যাপী চলে বিজ্ঞান উৎসব।

আজ শনিবার রাজধানীর গোপীবাগের গ্রিন বার্ড নার্সারি স্কুলে ছোটদের বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার মহাকাশযাত্রার ৫৯তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং স্কুলের যৌথ উদ্যোগে এ আয়োজন হয়। এ আয়োজনের সহযোগী হিসেবে আছে মহাকাশ বার্তা, রাশিয়ান দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ, প্রথম আলো ও ৭১ টেলিভিশন।

প্রথমবারের মতো গ্রিন বার্ড নার্সারি স্কুলে এ বিজ্ঞান উৎসব হয়। স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ ফেরদৌস মান্নান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার উদ্দেশ্যেই এ আয়োজন। খেলা, রং করা, কাগজ কেটে রকেট তৈরি করে দিয়ে বিজ্ঞানের প্রতি তাঁদের আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য। এ ছাড়া ওদের মধ্যে সৃজনশীলতা তৈরিতেও সহায়ক হবে এ আয়োজন। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চিন্তা ও আগ্রহ তৈরিতে প্রতিবছর এ ধরনের আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।

একেবারে ছোট শিশুদের সহায়তা করছেন শিক্ষকেরা

দুই ভাগে আয়োজন করা হয় বিজ্ঞান উৎসবের। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত প্লে ও নার্সারির শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা ১১টার পর থেকে বেলা ১টা পর্যন্ত কেজি ওয়ান থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসব উপলক্ষে খুদে শিক্ষার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট চেয়ার–টেবিলে বসে কেউ রং করায় ব্যস্ত, কেউবা রকেট বানানোর কাগজ কাটছে। অন্যদিকে একেবারে ছোট শিশুদের সহায়তা করছেন শিক্ষকেরা।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো.জাবির আল ফিদার মহাকাশ নিয়ে আগ্রহ অনেক। রকেট সম্পর্কে জানতে চাইলে সে বলে, নাসা থেকে রকেট মহাকাশে যায়। তাঁর ইচ্ছা সে নাসায় কাজ করবে। স্কুলের বন্ধুদের সঙ্গে মনোযোগ দিয়ে কাগজের রকেট তৈরি করে জাবির।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, ‘যখন স্কুলগুলোতে পরীক্ষা থাকে না তখন বিজ্ঞান উৎসব করার জন্য আমরা যোগাযোগ করি। এই বয়সী শিক্ষার্থীরা বিজ্ঞানের তাত্ত্বিক বিষয়গুলো বুঝবে না। তাই তাদের খেলার মাধ্যমে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই এ প্রচেষ্টা।’ এ পর্যন্ত দেশের বিভিন্ন স্কুলে ৫০টির বেশি বিজ্ঞান উৎসব করেছেন তাঁরা।