প্রতীকী ছবি
প্রতীকী  ছবি

সিসি ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক মামলা: প্রতারক থেকে সতর্ক করল ডিএমপি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসিটিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ ব্যবহার করে মামলা দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলার নামে কেউ অর্থ দাবি করলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সিসিটিভি ক্যামেরা বা ভিডিও ফুটেজে হওয়া মামলার নামে কোনো ব্যক্তি বা অসাধু চক্র অর্থ দাবি করলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে নগরবাসীকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের সড়কে চলাচলরত নিবন্ধনহীন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে এসব অপরাধ শনাক্ত করে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার’-এর মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে ট্রাফিক বিভাগে হাজির হতে বলা হয়েছে।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন ২০১৯ অনুযায়ী এসব মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্ধারিত সময়ে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।