১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবি সেক্টর কমান্ডারস ফোরামের

সেক্টর কমান্ডারস ফোরাম
সেক্টর কমান্ডারস ফোরাম

মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটিকে ‘মুক্তিযোদ্ধা’ দিবস ঘোষণার দাবি জানিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-৭১। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এই দাবি জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণের আগে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীবের সঞ্চালনায় ছিল আলোচনা পর্ব। তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের প্রথম দিনটিতে শিখা চিরন্তনের সামনে এসে মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী দেশের বীর সন্তান এবং সব বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আমরা এই দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছি।’

সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাহী সভাপতি নূরুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের ঢাকা উত্তরের সভাপতি মীর আসালত, দক্ষিণের সভাপতি মীর্জা মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, ডা. আমজাদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা, সাংস্কৃতিক সম্পাদক জান্নাত এ ফেরদৌসী, মুকুল মজুমদারসহ অনেকে।

আলোচকেরা বলেন, একাত্তরের ডিসেম্বরের প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধ তার চরম বিজয়ের পথে অগ্রসর হয়েছিল। সে কারণে তাঁরা এই দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি করে আসছেন। দেশে সারা বছর বহু দিবস পালিত হয়ে থাকে। কিন্তু যে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য তাঁদের প্রাণ পণ করে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তাঁদের সম্মান ও স্মরণ করতে কোনো দিবস নির্ধারণ করা হয়নি, এটাই বড়ই পরিতাপের বিষয়।

আলোচনা পর্বে বক্তারা আরও বলেন, গত বছর মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটি ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু তারপরও এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করার ক্ষেত্রে এই দিবস থাকা জরুরি। আয়োজকেরা জানান, রাজধানীর বাইরে সারা দেশে প্রতিটি জেলাতেই এই দাবি নিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম কর্মসূচির আয়োজন করেছে।  

আলোচনার পর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম এবং তরুণদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’–এর পক্ষ থেকে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় শোভাযাত্রা
বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিজয়ের মাসের প্রথম দিনে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’র আয়োজন করা হয়। বেলা ১১টায় কলাভবনের অপরাজিত বাংলা ভাস্কর্যের সামনে থেকে বেলুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। তাঁর সঙ্গে ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান ও ইনস্টিটিউটের চেয়ারম্যান, হলগুলোর আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাদ্যবাজনা সহযোগে শোভাযাত্রাটি কলাভবন থেকে টিএসসি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতসহ সমবেত কণ্ঠে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

শোভাযাত্রার সমাপনী বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘আমাদের দেশের বীর সন্তানেরা একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মুক্তচিন্তার দেশ গড়ার জন্য আত্মত্যাগ করেছিলেন। তাঁদের মহান আদর্শে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার চেষ্টা করছি।’