বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক ইসমাইলের মৃত্যুর ঘটনায় করা মামলায় একজন চিকিৎসকসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সবাই ডেলটা হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের কর্মী।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার বিকেলে এ আদেশ দেন।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক ইসমাইল। এ ঘটনার মামলায় এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করে হাতিরঝিল থানা–পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, সেদিন বেলা সাড়ে তিনটার সময় রিকশাচালক ইসমাইল গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা দেওয়া হয়নি।