আরপিও সংশোধনীর প্রস্তাব: সাড়া না পেয়ে তৃতীয়বারের মতো আইন মন্ত্রণালয়কে ইসির চিঠি

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি: প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)’ সংশোধনী আনার প্রস্তাবে দীর্ঘদিনেও সাড়া না পেয়ে তৃতীয় দফা আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসি আইন মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠিয়েছে। তাতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানানোর জন্য ‘শেষবারের মতো’ অনুরোধ জানানো হয়েছে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আরপিওর কিছু সংশোধনী আনার জন্য একটি খসড়া গত ৮ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠায় ইসি। কিন্তু তাদের কোনো সাড়া না পেয়ে গত ২৮ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর দুই দফা চিঠি দেয় ইসি। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় আজ আবারও চিঠি দিল ইসি।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ ৩ মাস ১৫ দিন সময় অতিবাহিত হওয়া এবং বারবার চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ বিষয়ে গৃহীত ব্যবস্থা বা অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য আজ পর্যন্ত ইসিকে জানায়নি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং এর লেজেসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ রাষ্ট্র ও সরকারের নির্বাহী বিভাগের একাংশ। দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে সহায়তা করা তাদের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব। নির্বাচন কমিশন মনে করে, সংবিধান ও আইনের সুস্পষ্ট বিধানের ব্যত্যয়ে কমিশনের যাচিত অনুরোধ ও চাহিদা উপেক্ষিত হলে কমিশন স্বীয় দায়িত্ব পালনে আবশ্যক সক্ষমতা অর্জন করতে পারবে না। তা ছাড়া এতে নির্বাচন বিষয়ে কমিশনের সক্ষমতা, স্বাধীনতা এবং সরকারের সদিচ্ছা প্রশ্নে জনমনে অনাকাঙ্ক্ষিত সংশয়ের উদ্রেক হতে পারে।

দীর্ঘদিন আইন মন্ত্রণালয়ের সাড়া না পেয়ে চিঠি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরাও তো অনন্তকাল ধরে একটা ম্যাটার পারস্যু করতে পারব না। এ জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। ঠিক আছে, যদি আর কোনো রেসপন্স না হয়, আমরা অন্য কাজে কনসেনট্রেট (মনোনিবেশ) করব। এ বিষয়টা নিয়ে হয়তো আমাদের আর পারস্যু করতে হবে না।’

সিইসি আরও বলেন, ‘যেহেতু সময় বেঁধে দিয়েছি, আমাদের প্রত্যাশা, ওই সময়ের মধ্যেই তারা রেসপন্স নিশ্চয়ই করবে। সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে। ব্যস্ততার কারণে তারা সময় করে উঠতে পারে নাই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকারের যুক্তি থাকতে পারে যে এই সংশোধনীর প্রয়োজন নেই। আইন প্রণয়নের কর্তৃপক্ষ সরকার ও সংসদ। তারা যদি মনে করে আইন পর্যাপ্ত আছে, এ বিষয়ে করণীয় নেই, সেটা ইসিকে জানিয়ে দিলে ইসি বিবেচনা করত।

ইসি সূত্র জানায়, বিদ্যমান আরপিওতে যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভোট বাতিলে ইসির ক্ষমতা ও ভোট বন্ধে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিলে শাস্তি, দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া, দায়িত্বে অবহেলায় কর্মকর্তাদের শাস্তির আওতা বাড়ানো, প্রার্থীদের আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা, ভোট গণনার বিবরণী প্রার্থী ও তাঁর এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করা, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি) পরিশোধের সুযোগ দেওয়া, রাজনৈতিক দলের সংশোধিত গঠনতন্ত্র ৩০ দিনের মধ্যে ইসিতে জমা দেওয়ার বিধান করার প্রস্তাব ইত্যাদি। গত আগস্টে এসব প্রস্তাব পাঠানো হয়। এরপর গত ৪ অক্টোবর ইভিএম–সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তাতে বলা হয়েছে, ভোটারের আঙুলের ছাপ না মিললে একজন প্রিসাইডিং কর্মকর্তা মোট ভোটারের সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে ভোট দেওয়ার অনুমতি (কর্মকর্তার আঙুলের ছাপ ব্যবহার করে) দিতে পারবেন।

ইসির এসব প্রস্তাব আইনে অন্তর্ভুক্ত করতে হলে জাতীয় সংসদে এগুলো পাস হতে হবে। এর আগে ইসির প্রস্তাবগুলো প্রথমে খতিয়ে দেখবে আইন মন্ত্রণালয়। এরপর তা মন্ত্রিসভায় অনুমোদন পেতে হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর তা জাতীয় সংসদে তোলা হয়।