
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ সকাল ৭টার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। সাঈদ খোকনকে আব্দুল মোতালিব হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে এই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে চেয়ে বিকেলে সিএমএম আদালতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। সাঈদ খোকনকে আদালতে আনার আগেই আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সাঈদ খোকনকে বহনকারী গাড়ি আদালত চত্বরে পৌঁছালে তাঁরা গাড়ির পেছনে বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন। পরে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হলে বিক্ষোভকারীরা গেটের বাইরে দাঁড়িয়ে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।
পরে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় সাঈদ খোকনকে আদালতে তোলা হয়। এ সময় তাঁর গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো ছিল। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে সাঈদ খোকনের পক্ষে তাঁর আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের বিরুদ্ধে এই মামলায় যে হত্যার অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। মামলার এজাহারে তাঁর বিষয়ে সুস্পষ্ট করে কিছুই উল্লেখ নেই। তিনি শেষ সময়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো দায়িত্বে ছিলেন না। এই মামলাটির উল্লেখিত ঘটনাটি ও মামলা দায়েরের তারিখ অনেক পরে। এই মামলায় তাঁর দশ দিনের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চাই। যদি আমাদের জামিন নাও দেন তাতেও আমরা অসন্তুষ্ট না। তিনি অসুস্থ ও সাবেক এমপি ও মেয়র। তাঁর অবস্থান অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়া হোক।’
অপরদিকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এই সাঈদ খোকন। মুক্তিকামী ছাত্র–জনতা যখন জুলাইয়ে আন্দোলন করে, তখন সেই আন্দোলন দমানোর জন্য ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে এই আসামি। তাদের এই নিপীড়ন ও ছাত্র আন্দোলন দমানোর জন্য ছোড়া গুলিতে এই মামলার ভুক্তভোগী মোতালিব নিহত হয়।’
সাঈদ খোকন এই হত্যা মামলার ২৯ নম্বর আসামি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘দেশে যেভাবে নাশকতা চালানো হচ্ছে, গাড়িতে ও বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এই নাশকতার সঙ্গে এই সাঈদ খোকন জড়িত। তাঁর নেতৃত্বে ও অর্থায়নে এই নাশকতা চালানো হচ্ছে। তাঁকে রিমান্ডে নিলে ও তাঁর ডিভাইস ফরেনসিক করলে দেখা যাবে তাদের নাশকতার চিত্র। দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত নাশকতা করে যাচ্ছে তারা। জুলাইয়ে শুধু মোতালিব নয়, শত শত ছাত্র–জনতাকে তারা হত্যা করেছে। তাঁকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করলে সকল তথ্য পাওয়া যাবে।’
শুনানি চলাকালে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সাঈদ খোকন হাত উঁচু করে আদালতের উদ্দেশে বলেন, ‘স্যার, কথা বলতে চাই।’ তবে আদালত তাঁর বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এই মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল আব্দুল মোতালিব। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোতালিবের বুক ও গলায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী এবং অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের আসামি করা হয়।
সাঈদ খোকনের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সাঈদ খোকনের বিরুদ্ধে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, অর্থ ও অস্ত্রের জোগান দেওয়া এবং ধানমন্ডিসহ আশপাশের এলাকায় হামলায় সক্রিয় ভূমিকা রাখার তথ্য পাওয়া গেছে। তাঁর নির্দেশনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন বলেও আবেদনে দাবি করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ আরও বলেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থেকে সাঈদ খোকন বিভিন্ন স্থানে মিছিল পরিচালনা করেছেন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।