
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ঘোষিত হয়েছে। ২০২০-এর জন্য সাংবাদিক ও লেখক মশিউল আলম, ২০২১-এর জন্য যৌথভাবে কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান সেরা লেখক নির্বাচিত হয়েছেন।
মশিউল আলম তাঁর সমকালীন গল্পগ্রন্থ ‘দুধ’, আমিনুল ইসলাম তাঁর প্রবন্ধগ্রন্থ ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ এবং স্বকৃত নোমান তাঁর ‘উজানবাঁশি’ উপন্যাসের জন্য পাচ্ছেন পুরস্কার। শিগগিরই আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রত্যেক লেখককে পুরস্কারের অর্থ বাবদ পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র হস্তান্তর করবে।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, ‘আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমের, মঙ্গলের এবং সাধারণ মানুষের জন্য কল্যাণের, তার সঙ্গে আইএফআইসির সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় আমাদের এই সাহিত্য পুরস্কারের আয়োজন।’
উল্লেখ্য, ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’ স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাই কমিটি ও বিচারকমণ্ডলী প্রতিবছর সেরা দুটি বই নির্বাচন করে থাকেন। গত এক যুগে প্রতিবছর লেখক ও সাহিত্যিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের এ আয়োজন ইতিমধ্যে কবি, লেখক-সাহিত্যিক ও পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।