তফসিল ঘোষণা করলে জাতি আপনাদের অভিশাপ দেবে: মাহবুব উদ্দিন খোকন

হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে ব্রিফ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন। ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে বলেছেন, ‘শিডিউল (তফসিল) ঘোষণা করলে জাতি কিন্তু আপনাদের অভিশাপ দেবে।’ হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে আজ রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসির উদ্দেশে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘দয়া করে পদত্যাগ করবেন এবং নির্বাচন শিডিউল ঘোষণা করবেন না। শিডিউল ঘোষণা করলে জাতি কিন্তু আপনাদের অভিশাপ দেবে। সংবিধান লঙ্ঘিত হবে, অন্যায় হবে। একজন নির্বাচন কমিশনার নাকি সিইসি, কে যে বললেন—এক পার্সেন্ট ভোট হলেও চলবে। এক পার্সেন্ট ভোট হলে চলবে না।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘সংবিধানের ৭ অনুচ্ছেদে আছে, সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণকে ভোট দিতে হবে। ভোটারদের নিরাপত্তা কোথায়? কোনো ব্যবস্থা হয়েছে—হয়নি। অস্ত্র উদ্ধার হয়েছে—হয়নি। অনুরোধ করছি নির্বাচন কমিশনকে, আপনারা শিডিউল দেওয়া থেকে বিরত থাকেন। দয়া করে আপনারা পদত্যাগ করেন।’

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন পাল্টা প্রশ্ন করে বলেন, ‘নির্বাচন বলে কিছু আছে বাংলাদেশে? নির্বাচনব্যবস্থা আওয়ামী লীগ খেয়ে ফেলেছে। সরকার খেয়ে ফেলেছে। জনগণের ভোটাধিকার নেই বাংলাদেশে।’

আপনারা নির্বাচনে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আউট অব কোশ্চেন।…বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে? প্রশ্নই হতে পারে না। এটি প্রমাণিত ২০১৪ সাল, ২০১৮ সাল এবং স্থানীয় সরকার নির্বাচন…কোনো নির্বাচনে নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠু ভোট করতে পারে নাই, সুন্দর করতে পারে নাই। নির্বাহী বিভাগ সব সময় সরকারের পক্ষে ছিল, পক্ষপাতিত্ব করেছে। সুতরাং এই সরকারের অধীনে নয়; তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, সরকারের পদত্যাগ করা ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।’