চট্টগ্রামে পূজামণ্ডপের পাশ থেকে ব্যাগসহ গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামে পূজামণ্ডপের পাশে ব্যাগ নিয়ে বসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৫৪ ধারায় গ্রেপ্তার ওই ব্যক্তিকে আজ রোববার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই ব্যক্তির নাম শাহ আলম (৩০)। গত শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকার মো. বাদলের ছেলে। পরিবার ও পুলিশ বলছে, শাহ আলম মানসিক প্রতিবন্ধী। ভবঘুরে এই ব্যক্তি বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান।

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সোমপাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ নাথ প্রথম আলোকে বলেন, শনিবার সাদাপোশাক পরা এক ব্যক্তি মন্দিরের পাশে বসে ছিলেন। তিনি দীর্ঘক্ষণ বসে থাকায় মন্দিরের লোকজনের সন্দেহ হয়। হাটহাজারী থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এসে তাঁকে ধরে নিয়ে যান। এরপর স্থানীয় লোকজন জানতে পারেন, ওই ব্যক্তিকে মানসিক প্রতিবন্ধী উল্লেখ করে পুলিশ ছেড়ে দিয়েছে। এতে লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে রাতে নাজিরহাট এলাকা থেকে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কেন ছেড়ে দেওয়া হয়েছিল, জানতে চাইলে হাটহাজারী থানার এসআই জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, শাহ আলম মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনও মানসিক প্রতিবন্ধিতার বিষয়টি বলেছেন। তিনি মির্জাপুরে বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করতেন।

শাহ আলম পুলিশের হাতে আটকের খবর শুনে নরসিংদী থেকে চট্টগ্রামে আসেন তাঁর ছোট ভাই মো. দীপু। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই পড়াশোনা করেননি। বাড়িতে একটি ওয়ার্কশপ চালাতেন। দুই বছর ধরে তিনি মানসিক প্রতিবন্ধী। এর পর থেকে বাড়িতে থাকেন না। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। গত বছর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক চিকিৎসা করানো হয়েছিল।

শাহ আলমের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, শাহ আলমের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে সেখানে পবিত্র কোরআন শরিফ, ধর্মীয় বই ও আরও কিছু জিনিসপত্র পাওয়া যায়। তাঁর গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মানসিক প্রতিবন্ধী। পরিবারও সেই দাবি করেছে। শাহ আলম মন্দিরে কেন গিয়েছিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।