
টানা দুই দিনের তীব্র মানসিক চাপ আর মস্তিষ্কের কঠিন লড়াই শেষে এখন চলছে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—খাতা মূল্যায়ন। এ সময়টা প্রতিযোগীদের অবসর ও ফলাফলের জন্য অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই। তাই শুক্রবার আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশসহ অংশগ্রহণকারী সব দেশের শিক্ষার্থীদের নিয়ে যায় সাংহাই ডিজনিল্যান্ডে।
বিশ্বের অন্যতম আধুনিক ও রোমাঞ্চকর এই বিনোদনকেন্দ্রেই দিনটি কাটায় শিক্ষার্থীরা। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও তাদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। ২০১৬ সালে চালু হওয়া চীনের মূল ভূখণ্ডের প্রথম এই ডিজনি পার্ক ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও ডিজনির জাদুকরি দুনিয়ার এক অপূর্ব মেলবন্ধন। পার্কটি এদিন পরিণত হয়েছিল বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মেধাবী গণিত শিক্ষার্থীদের মিলনমেলায়।
পার্কে প্রবেশ করতেই সবার চোখ ধাঁধিয়ে দেয় ডিজনির সবচেয়ে বড় আকর্ষণ ‘এনচ্যান্টেড স্টোরিবুক ক্যাসেল’। এটি পৃথিবীর সব ডিজনি পার্কের মধ্যে সবচেয়ে উঁচু, বৃহত্তম ও আকর্ষণীয় দুর্গ, যা রূপকথার জগৎকে বাস্তব করে তোলে।
এরপর শিক্ষার্থীরা পার্কের বিভিন্ন থিমভিত্তিক এলাকায় ঘুরে বেড়ায়। অনেকেই বেছে নেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজনি রোলার কোস্টার ‘ট্রন লাইটসাইকেল পাওয়ার রান’। তীব্র গতির এই রাইডে চড়ে রোমাঞ্চিত হয় সবাই। এ ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ব্যাটল ফর দ্য সানকেন ট্রেজার’ রাইডের উন্নত মাল্টিমিডিয়া ও প্রজেকশন প্রযুক্তি শিক্ষার্থীদের নিয়ে যায় জলদস্যুদের এক জীবন্ত অভিযানে।
শিক্ষার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মার্ভেল ইউনিভার্স’ প্রদর্শনী। এখানে প্রবেশ করতেই শিক্ষার্থীরা যেন রুপালি পর্দার সেই চেনা অতিমানবদের দুনিয়ায় হারিয়ে যায়।
মার্ভেলের জনপ্রিয় সুপারহিরোদের আইকনিক কস্টিউম, অস্ত্রসরঞ্জাম ও নানা প্রদর্শনী দেখে তারা রোমাঞ্চিত হয়ে ওঠে। বিশেষ করে আয়রন ম্যানের বিভিন্ন স্যুটের প্রতিরূপ তাদের কল্পনাশক্তির সীমানাকে আরও বিস্তৃত করে দেয়। সুপারহিরোদের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেনি তারা। বিজ্ঞান, প্রযুক্তি ও কল্পনার এই অপূর্ব মেলবন্ধন শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা, যা পরীক্ষার চাপ শেষে এনে দেয় নির্মল আনন্দ।
উল্লেখ্য, ১৪ জুলাই উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হয় ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ২০ জুলাই পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। এতে বাংলাদেশসহ ১২০টি দেশ ও অঞ্চলের ৬৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলে রয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান এবং ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান। বাংলাদেশ দলের দলনেতা হিসেবে মাহবুবুল আলম মজুমদার ও উপদলনেতা হিসেবে অপূর্ব কুমার রয়েছে এই সফরে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।