
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় রেজিস্ট্রার ভবনের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মানিক চন্দ্র দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন—এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করেছেন। সুষ্ঠু তদন্তের জন্য রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিক চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বরখাস্ত থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতা পাবেন।
সাময়িক বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁকে চাকরিচ্যুত করা হবে।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপটি মানিক চন্দ্র দাশ ও একজন নিয়োগপ্রার্থীর মধ্যে ছিল। সেখানে চাকরি দেওয়ার কথা বলে তিনজনের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি উঠে আসে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল শনিবার বিকেলে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাদী হয়ে মানিক চন্দ্র দাশকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন।
চবিতে নিয়োগ-বাণিজ্য নিয়ে ফোনালাপ ফাঁসের ঘটনা এবারই প্রথম নয়। ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে পাঁচটি ফোনালাপ ফাঁস হয়েছিল। ওই ফোনালাপগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল, কর্মচারী আহমদ হোসেন ও দুই নিয়োগপ্রার্থীর।