সাংবাদিককে মারধর

চট্টগ্রামে ইটভাটা ব্যবস্থাপকের রিমান্ড মঞ্জুর

ইটভাটা ব্যবস্থাপক কাঞ্চন কুমার তুরি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে মারধরের মামলায় গ্রেপ্তার ইটভাটার ব্যবস্থাপকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম কাঞ্চন কুমার তুরি। আজ রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এই আদেশ দেন।

গত ২৬ ডিসেম্বর রাঙ্গুনিয়ার রানীর হাট এলাকা থেকে কাঞ্চনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর রিমান্ড মঞ্জুরের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন মানবাধিকার সংগঠন বিএইচআরএফের মহাসচিব আইনজীবী জিয়া হাবিব আহসান। তিনি প্রথম আলোকে বলেন, সাংবাদিককে মারধরের মামলায় গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রাঙ্গুনিয়া থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৫ ডিসেম্বর রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক আবু আজাদ। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। সাংবাদিক আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযুক্ত অপর তিনজন হলেন ইসলামপুর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০) ও ইটভাটার ম্যানেজার কামরান (৩০)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।