প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন চারজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশে যাওয়া এবং ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রীসহ মোট চারজন উপস্থিত থাকবেন। মন্ত্রী ছাড়া অন্যরা হলেন জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে সংশ্লিষ্টদের এই রাষ্ট্রাচার অনুসরণের জন্য বলা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করেছিল অন্তর্বর্তী সরকার। তাতে বিভিন্ন পর্যায়ের মোট ১৮ জন উপস্থিত থাকার নির্দেশনা ছিল। তাঁরা ছিলেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত তৎকালীন উপদেষ্টা, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ বা দেশগুলোর মিশনপ্রধান, মন্ত্রিপরিষদ সচিব এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান ও মুখ্য সচিব।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, তৎকালীন জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান।

নতুন নির্দেশনার পর এখন এই নির্দেশনাটি বাতিল করো হয়েছে।