স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে আহমেদুল কবীর

আহমেদুল কবীর
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আহমেদুল কবীর। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আহমেদুল কবীর বর্তমানে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহমেদুল কবীরকে অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সবশেষ অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তাঁর মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের কর্মকর্তা। এই শল্যচিকিৎসক ২০২০ সালের ২৬ জুলাই অধিদপ্তরের মহাপরিচালকের পদে বসেছিলেন। তাঁর স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হয় একই বছরের ৩১ ডিসেম্বর। এরপর তাঁর মেয়াদ বৃদ্ধি করে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টেনে নেওয়া হয়।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের আগে অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন আবুল কালাম আজাদ। তাঁর চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল। দুর্নীতির অপবাদ নিয়ে আবুল কালাম আজাদ ২০২০ সালের ২৩ জুলাই পদ ছাড়েন।

আবুল কালাম আজাদ ও আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদ বৃদ্ধির কারণে স্বাস্থ্যের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে বঞ্চিত হয়ে অবসরে চলে গেছেন।