
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনায় চালকের ‘ভুল’ ও যাত্রীদের ‘সচেতনতার অভাব’ দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে শেখ রবিউল আলম এ কথা বলেন।
আজ ভোরে কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন কয়েকজন। ট্রাকটিতে থাকা রডের ওপর ছিল ত্রিপল। আর তার ওপর যাত্রী বহন করা হচ্ছিল।
এই দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে তিনি বলেন, এই দুর্ঘটনার পর প্রথম পর্যায়ে তাঁর মনে হয়েছে, এটা চালকের ভুলের কারণে হয়েছে।
শেখ রবিউল আলম আরও বলেন, দুর্ঘটনায় আহত দু-একজন যাত্রী বলেছেন, তাঁরা ট্রাকটির চালককে সাবধান করেছিলেন। কিন্তু চালক তা আমলে নেননি। তিনি একটু তন্দ্রার মতো ছিলেন। যাত্রীদের এই কথার পাশাপাশি তিনি (মন্ত্রী) সেতুসচিবের সঙ্গে কথা বলেছেন। সচিব যেটা পেয়েছেন, তাঁকে জানিয়েছেন। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
সড়ক পরিবহন আইন অনুযায়ী, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ।
কালিহাতীর এ দুর্ঘটনায় যাত্রীদের সচেতনতার অভাব ছিল বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, রডবোঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান ২৫-২৬ জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনা সড়ক ব্যবস্থাপনার সঙ্গে খুব একটা যুক্ত ছিল না বলে দাবি করেন তিনি।
এ ঘটনা সরকারকে ব্যথিত করেছে বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম।
সড়কে এমন অব্যবস্থাপনা তদারক করার কোনো কর্তৃপক্ষ কি নেই, দেখার কেউ আছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মনিটরিং আছে। হাইওয়ে পুলিশ দেখে।...ভোররাত্রে একটা বোঝাই ট্রাকে যদি এ রকমভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এ রকম জায়গায় তো এইটা দায়িত্ব আমাদের আছে। কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কীভাবে সম্ভব হয়, সেটা বিবেচনার দাবি রাখে।’
যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত নয়, এমন যানবাহনে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘যাত্রীদের আমি সব সময় বলছি, আমরা এখনো বলছি যে বোঝাই ট্রাক, ওপেন ট্রাক—যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত নয়, সেই জায়গায়, সেই সব যানে যাত্রীদের ওঠা থেকে বিরত থাকা উচিত।’