
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। শুনানির নতুন তারিখ আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, কারাগারে থাকা আসামি ফুরকান হোসেনকে আদালতে হাজির করানো সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষও সময় চেয়ে আবেদন জানায়। পরে আদালত আবেদন দুটি মঞ্জুর করে ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
এই আইনজীবী আরও বলেন, মামলার ৩৪ আসামির মধ্যে কারাগারে থাকা চারজনকে আজ আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।
এর আগে গত ২৫ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। ওই দিন রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনবিষয়ক শুনানি পেছানোর আবেদন করা হয়। পরে বিচারক আজকের দিনটি নতুন তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ১৩ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির মা রীনা বেগম।
গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।
আসামিদের মধ্যে পলকসহ চারজন কারাগারে আছেন। আটজন জামিনে ও অন্যরা পলাতক।