মোহাম্মদ তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম (ডানে)
মোহাম্মদ তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম (ডানে)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই নিয়োগের বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি এই ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সহসভাপতি ছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার এ নিয়োগ বাতিল করল। সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিল।