প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য (শরীয়তপুর-২) সফিকুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দুবাইসহ এশিয়ার উন্নত দেশে শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশে জনবল/কর্মীর অভিবাসন প্রক্রিয়া সম্পাদন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স দেওয়া হয়ে থাকে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। এই বাংলাদেশিদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতীফের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মস্থান হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার আগের মতো সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আগ্রহী নয়। সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য সব লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখতে সচেষ্ট রয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার মাধ্যমে পত্র যোগাযোগ অব্যাহত রেখেছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তায় দেশটির সঙ্গে চুক্তিতে নারী কর্মীর সঙ্গে মুঠোফোন রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাতে কর্মী যেকোনো সময় পরিবার, দূতাবাস, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে অবহিত করতে পারেন।

বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চলতি পঞ্জিকা বছরে ভোজ্যতেলের মূল্য তিনবার সমন্বয় করা হয়েছে। বিগত পঞ্জিকা বছরে অন্যান্য নিত্যপণ্যের মূল্য মোটামুটি স্থিতিশীল ছিল।