
গণিতের সবচেয়ে সুন্দর সমীকরণটি কী? লগের ভিত্তি ১ ও ০ হয় না কেন? ডিপ্রেশন কোণ আসলে কী, এটি কীভাবে ব্যবহার হয়? জটিল সংখ্যার প্রয়োগ কোথায়? এমন সব প্রশ্নে জমে গিয়েছিল গণিত অলিম্পিয়াডের প্রশ্ন-উত্তর পর্ব। সময় গড়িয়ে গেলেও শিক্ষার্থীদের কৌতূহল শেষ হয় না। গণিতের বিশেষজ্ঞরাও এসব উত্তর দিয়েছিলেন মজায় মজায়।
বিশেষজ্ঞরা প্রশ্নের উত্তরে বলেন, গণিতে অয়লারের সমীকরণ সবচেয়ে সুন্দর; কারণ, এটি পাঁচটি ধ্রুবকের সমন্বয়ে গঠিত। এ ছাড়া লগের ভিত্তি সাধারণত গুণনের হার বোঝায়, শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হয়। আবার এক দিয়ে গুণ করলে যা আছে, তাই হয়। সুতরাং এই দুটি লগের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় না। আর পুরকৌশলে ডিপ্রেশন কোণের ব্যবহার হয় সার্ভেয়িংয়ের সময়। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেও ডিপ্রেশন কোণের প্রয়োগ প্রয়োজন।
আজ শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ত্রয়োদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বটি ছিল এমনই আনন্দময়। শিক্ষার্থীরা উচ্ছ্বাস নিয়ে নানা প্রশ্ন করে উত্তর জেনে নিয়েছিলেন। কেউ আবার লিখিত পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। চুয়েটের গণিত বিভাগ তৃতীয়বারের মতো এ আয়োজন করে। এতে চট্টগ্রামের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ প্রতিযোগী অংশ নেন। সকাল ৯টায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর চত্বরে পতাকা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। লিখিত পরীক্ষা ও প্রশ্ন-উত্তর—এই দুই ভাগে অনুষ্ঠান চলে দুপুর ১২টা পর্যন্ত।
লিখিত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সায়েম, দ্বিতীয় হয়েছেন চুয়েটের মোমিনুল ইসলাম এবং তৃতীয় হন একই প্রতিষ্ঠানের সাদ বিন মোস্তফা। এ তিনজনসহ জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য মোট ১০ জনকে নির্বাচন করা হয়। তাঁদের প্রত্যেককেই ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক মোহাম্মদ মশিউল হক, গবেষক কাজী মোহাম্মদ খাইরুল বাশার, চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোছাম্মাৎ তাহমিনা আক্তার, অলিম্পিয়াডের সদস্যসচিব উজ্জ্বল কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান। আর প্রশ্নোত্তর পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী ও সহকারী অধ্যাপক পারভীন আকতার।
সমাপনী পর্বে উপাচার্য বলেন, গণিত আছে বলেই জগতের অনেক কিছুর ব্যাখ্যা করা গেছে। গণিতের যথার্থ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত সভ্যতা পাওয়া গেছে।