সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এসব আদেশ দেন।
শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক নাজমুল ইসলাম। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
অপর দিকে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, তাঁর স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম ও ছেলে আবরার তপন ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রাজা। আদালত শুনানি শেষে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এদিকে বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তাঁর স্ত্রী মোহসিনা আক্তারের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের নামে থাকা ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।