
চট্টগ্রামে সাত বছর আগে এক কিশোরীকে ধর্ষণ করেন তারই এক প্রতিবেশী। ধর্ষণের শিকার ওই কিশোরীর কোলে এক শিশু জন্ম নেয়। আদালত রায় দিয়েছেন, সেই শিশুর ব্যয়ভার বহন করা হবে আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে। একই সঙ্গে শিশুটি ওই আসামিকে তার বাবা হিসেবে পরিচয় দেবে। আসামির নাম মো. শাহজাহান।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। একই সঙ্গে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে আদালত আসামি শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।
খন্দকার আরিফুল বলেন, ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া পুত্রসন্তানের ব্যয়ভার বহন করবে রাষ্ট্র। আসামি শাহজাহানের সম্পত্তি থেকে এই ব্যয়ভার বহন করা হবে। তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত বলেছেন, শিশুটি তার বাবা হিসেবে আসামির পরিচয় দেবে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে বাড়ির পাশে খেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই কিশোরী প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরের বছরের ২০ এপ্রিল পর্যন্ত ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন প্রতিবেশী শাহজাহান। কিশোরী গর্ভবতী হলে বিষয়টি জানাজানি হয়। এরপর সালিস ডাকা হয়। সালিসে আসামি শাহজাহান কিশোরীকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা বলেন। কিন্তু স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা বললেও শাহজাহান তা করেননি। ২০১৬ সালের মে মাসে কিশোরী বাদী হয়ে আদালতে মামলা করে।
আদালত জোরারগঞ্জ থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ঘটনার সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু আদালত পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ না করে শাহজাহানের অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে সন্তানের জন্ম দেয় কিশোরী। শিশুটি তাঁর সন্তান নয় বলে তখন দাবি করেন শাহজাহান। পরে আদালতের নির্দেশে শিশুর ডিএনএ পরীক্ষা হয়। তাতে প্রমাণিত হয়, শিশুটির বাবা আসামি শাহজাহান।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের ২৪ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামির উপস্থিতিতে রোববার রায় দিলেন। রায়ের পরে আসামি শাহজাহানকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।