জনবলের ব্যবস্থা না করে ৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে সংস্থাটি। ৩৫ জেলা শহরে স্থায়ী কার্যালয় ও পরীক্ষাগার নির্মিত হবে।
এমনিতেই দেশজুড়ে বায়ু ও শিল্পকারখানার দূষণ ঠেকাতে না পারার জন্য জনবলসংকটের অজুহাত দেয় পরিবেশ অধিদপ্তর। জনবলের ব্যবস্থা না করে এবার ৩৫ জেলা শহরে স্থায়ী কার্যালয় ও পরীক্ষাগার (ল্যাব) নির্মাণ করতে চায় তারা। এ জন্য প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি। এটি পরিবেশ অধিদপ্তরের এযাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প।
অবশ্য সরকারের ভেতর থেকেই প্রকল্পটি শুরু করার আগে জনবলের বিষয়টি নিষ্পন্ন করার তাগিদ এসেছে। পরিবেশবিশেষজ্ঞরাও বলছেন, পরিবেশ অধিদপ্তরের জন্য স্থায়ী অফিস ও ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তার আগে সরকারকে লোকবলের বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না করলে সেটা হবে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, ভবন ও ল্যাবের যন্ত্রপাতি চালানোর জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় গতকাল সোমবারও রাজধানী ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। জানুয়ারি–ফেব্রুয়ারিজুড়ে এ তালিকার প্রথম দিকেই আছে ঢাকা। বায়ুদূষণের পাশাপাশি শব্দ ও শিল্পকারখানার দূষণও অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। পরিবেশ অধিদপ্তরের দাবি, জনবলের অভাবে পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পারছে না তারা। সংস্থাটির অনুমোদিত পদের বিপরীতে এখনো অর্ধেক পদ শূন্য।
পরিবেশ অধিদপ্তরের জন্য স্থায়ী অফিস ও ল্যাব তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে তাদের জনবলের সংকট কাটিয়ে ওঠা জরুরি। সরকারের উচিত হবে, যত দ্রুত সম্ভব তাদের জনবলসংকট দূর করা।সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা
পরিবেশবিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের স্থায়ী অফিস ও ল্যাব যেমন দরকার, তেমনি জনবলও জরুরি। এটা করতে না পারলে ভবন-ল্যাবের যন্ত্রপাতি পড়ে থাকবে, ব্যবহারের মানুষ থাকবে না। একটা সময় যন্ত্রপাতিও নষ্ট হতে শুরু করবে। ভবন নির্মাণ ও যন্ত্রপাতি বসানোর আগে জনবল নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদেরা।
বর্তমানে ৫০টির বেশি জেলায় ভাড়া নিয়ে পরিবেশ অধিদপ্তরের অফিস চলছে। কোথাও দুজন, কোথাও তিনজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত।
সংস্থাটি বলছে, এ অবস্থায় সারা দেশে ৩৫টি স্থায়ী কার্যালয় ও পরীক্ষাগার (ল্যাব) নির্মাণের জন্য বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) নামে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৯৯৫ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ২ হাজার ৫৭০ কোটি ও ফ্রান্সের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি ২৩২ কোটি টাকা ঋণ দেবে। ১৯৩ কোটি টাকা সরকার বহন করবে। পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক সোলায়মান হায়দার প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো।
নথি ঘেঁটে দেখা যায়, এই প্রকল্পের আওতায় ৩৫ জেলায় স্থায়ী কার্যালয়ের জন্য ভবন নির্মিত হবে। এসব ভবন নির্মাণে খরচ হবে ৪৯২ কোটি টাকা। সে হিসাবে প্রতিটি ভবন নির্মাণে খরচ পড়বে ১৪ কোটি টাকার ওপরে। প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্রের জন্য নির্মাণ করা হবে একটি ‘মাল্টিপারপাস ভবন’। এটির নির্মাণ খরচ ৯২ কোটি টাকা। এ ছাড়া মাঠপর্যায়ে বায়ু ও পানির গুণগত মানের বিষয়টি নজরদারি করতে ৬৩টি যানবাহন কেনা হবে। এতে খরচ হবে ৩৯ কোটি টাকা।
নথি বলছে, ৩৫ জেলা কার্যালয়ের পরীক্ষাগারের জন্য ১৭৪ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। কেন্দ্রীয় ল্যাবরেটরির জন্য যন্ত্রপাতি কেনা হবে ১৫ কোটি টাকার। ভূমি অধিগ্রহণ খরচ ১৭৩ কোটি। আসবাব কিনতে খরচ হবে ১৫ কোটি। এ ছাড়া যাঁরা সবুজ শিল্পকারখানা করতে চান, তাঁদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। সে জন্য ‘গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিম’ নামে তহবিল গঠন করা হবে। এ তহবিলের আকার হবে ৫০০ কোটি টাকা। আর কোথায় কোথায় দূষণ হয়, তা নজরদারির জন্য কেনা হবে ড্রোন।
চলতি মাসের শুরুতে প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর। ১৬ ফেব্রুয়ারি প্রকল্পটির ওপর আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। সভায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জনবলসংকট নিয়ে প্রশ্ন তোলা হয়।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘অফিস ও পরীক্ষাগার নির্মাণ করার পর সেগুলো পরিচালনার মতো জনবল আছে কি না, পরিবেশ অধিদপ্তরের কাছে তা জানতে চাওয়া হয়। তারা আমাদের জানায়, জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জনবল নিয়োগ পেলে তাদের সক্ষমতা বাড়বে বলে তারা জানিয়েছে।’
দেশে এখন ডলার–সংকট চলছে। ডলার পাওয়ার আশায় প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করার কথা রয়েছে। কারণ, এ প্রকল্পের অর্থায়ন করছে বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংক ও ফ্রান্সের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি।
ঋণের অর্থ ডলারে প্রদান করবে সংস্থা দুটি। চলতি বছরের মধ্যে ভবন নির্মাণ কাজ শুরুর আশা করা হচ্ছে। তবে জনবল নিয়োগের (অর্গানোগ্রাম) প্রস্তাবটি এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়েই পৌঁছায়নি। সাধারণত কোনো মন্ত্রণালয়ের জন্য জনবল নিয়োগ একটি লম্বা প্রক্রিয়া।
পরিবেশ অধিদপ্তরে মোট পদ রয়েছে ১ হাজার ১৩৩টি। এর মধ্যে শূন্য পদ ৬৭৬টি। অর্থাৎ অর্ধেকের বেশি পদ এখনো খালি। জনবলসংকটের কারণে কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, জানতে ঢাকার পাশের দুই শিল্পজেলা নারায়ণগঞ্জ ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তার সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক।
নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, তাঁদের ভাড়া অফিসে অন্তত ৩০ জন জনবল থাকা উচিত কিন্তু আছে মাত্র তিনজন। পরিদর্শক (ইন্সপেক্টর) পদটি এক বছর ধরে শূন্য। জেলায় সাত হাজারের মতো শিল্পকারখানা আছে। সামান্য তিনজন লোক দিয়ে এত বিপুলসংখ্যক কারখানা নজরদারি করা বেশ কঠিন। শিল্পকারখানার দূষণ, শব্দ ও বায়ুদূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে তাঁরা হিমশিম খান।
একই অভিজ্ঞতার কথা জানালেন গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, সেখানে বিভিন্ন পদে জনবল রয়েছেন মাত্র ১০ জন। অথচ জেলায় শিল্পকারখানা রয়েছে ২ হাজার ৬৫০টি। জনবলসংকটের কারণে পরিবেশদূষণ প্রতিরোধে তাঁরা তেমন ভূমিকা রাখতে পারছেন না।
এই দুই কর্মকর্তাই বললেন, তাঁদের স্থায়ী অফিসের দরকার, তেমনি পরীক্ষাগারও প্রয়োজন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে জনবলসংকট কাটিয়ে ওঠাটাও জরুরি।
জনবলসংকট নিয়ে পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, দখল ও দূষণের বিরুদ্ধে অভিযান চালাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকট আছে। আর কম জনবলের কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায় না। একই সঙ্গে শিল্পকারখানাগুলো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার করে কি না, তা নজরদারি করাও সম্ভব হয় না। আর পরীক্ষাগারের অভাবে পানিদূষণের মাত্রা জানা যায় না। শব্দদূষণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় না।
জনবলের সংকট কাটিয়ে উঠতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রেজাউল করিমের কাছে জানতে চাইলে উল্টো তিনি এই প্রতিবেদককে প্রশ্ন করেন, ‘এ বিষয়টি আপনার প্রতিবেদনের ইস্যু কেন?’ প্রথমে বিষয়টি নিয়ে কথা বলতে না চাইলেও পরে তিনি জানালেন, তিন হাজারের বেশি পদ চেয়ে একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) চলতি মাসে পাঠানো হয়েছে। তিনি জানান, ‘অর্গানোগ্রাম (জনবলকাঠামো) পাস হওয়া বেশ দীর্ঘ প্রক্রিয়া। প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে যাওয়া এবং কত দিনে এটি পাস হয়, তা বলা মুশকিল।’
জনবলসংকটে সরকারি অনেক স্থাপনা চালু করা যাচ্ছে না, প্রথম আলোর সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে তা উঠে এসেছে। একটি উদাহরণ হলো, রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন। ১৯৪ কোটি টাকা খরচ করে বানানো ছয়তলা দৃষ্টিনন্দন স্থাপনাটি চার বছর ধরে খালি পড়ে আছে জনবলের অভাবে। কমপ্লেক্স ভবনের জন্য ২০২০ সালে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে ৭১ জনের জনবলের প্রস্তাব চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত তা অনুমোদন হয়নি।
পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, ৩৫ জেলায় স্থায়ী অফিস ও ল্যাব প্রতিষ্ঠিত হলেও জনবলের অভাবে তা অব্যবহৃত পড়ে থাকতে পারে।
এক বছর আগে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত পদের ৫৯ শতাংশে জনবল নেই। সংস্থাটি দুর্নীতিতে নিমজ্জিত। দূষণকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে। সেখানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। টিআইবি বলেছে, পরিবেশদূষণ নিয়ন্ত্রণে যে মৌলিক ভূমিকা, তা পালনে অধিদপ্তর ব্যর্থতার পরিচয় দিয়েছে। অধিদপ্তরের কারণেই উল্টো পরিবেশদূষণ বাড়ছে।
পরিবেশ অধিদপ্তরের এই বড় প্রকল্প সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, এটি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। পরিবেশ অধিদপ্তরের জন্য স্থায়ী অফিস ও ল্যাব তৈরি করা প্রয়োজন।
একই সঙ্গে তাদের জনবলের সংকট কাটিয়ে ওঠা জরুরি। সরকারের উচিত হবে, যত দ্রুত সম্ভব তাদের জনবলসংকট দূর করা। কারণ, পরিবেশ রক্ষা করা রাষ্ট্রের অঙ্গীকার।