শিল্পাঙ্গনে সাইফুদ্দিন আহমেদের ‘স্বপ্নের উত্থান’

সাইফুদ্দিন আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। রোববার লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে
ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে সাইফুদ্দিন আহমেদের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘স্বপ্নের উত্থান’। রোববার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন ও শিল্পী শিশির ভট্টাচার্য।

সাইফুদ্দিন আহমেদ উন্নয়নকর্মী হিসেবে জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। বিভিন্ন প্রদর্শনী ও আর্টক্যাম্পে শিল্পীদের সঙ্গী হয়েছেন। প্রায় এক যুগ ছবি এঁকে জমিয়ে রেখেছিলেন তিনি। সেই ছবিগুলো নিয়েই আয়োজন করা হয়েছে প্রদর্শনীর।

উদ্বোধনী অনুষ্ঠানে নিসার হোসেন বলেন, ছবি আঁকার প্রচলিত ছাঁচে সাইফুদ্দিন নিজেকে নিয়োজিত করেননি। শিল্পীদের প্রবণতা থাকে যেসব ছবি বিক্রি হচ্ছে, সে রকম ছবি আঁকা। তিনি সেই পথে হাঁটেননি; বরং নিজের মনের ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। নিজের অনুভূতিকে গুরুত্ব দিয়ে ক্যানভাসে প্রকাশ ঘটিয়েছেন।

শিল্পী শিশির ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া শিল্পী। সাইফুদ্দিন তা নন। তিনি ভালো লাগা থেকে শিল্পী হয়ে উঠেছেন। আর্টে ভুলটাও কখনো কখনো আশীর্বাদ হয়ে দেখা দেয়, নতুন পথ সৃষ্টি করে। প্রাতিষ্ঠানিক শিল্পীরা কখনো ভুল করেন না। সাইফুদ্দিনের ছবিতে ব্যাকরণের বদলে দেখলাম সাবলীল ভঙ্গি, যা তাঁকে মুক্ত শিল্পের পথে নিয়ে গেছে। তাঁর প্রদর্শনী দেখে ভেবেছি, আমি কি কখনো এমন স্বতঃস্ফূর্ত ছবি আঁকতে পেরেছি।’

নিজের প্রথম প্রদর্শনীতে শিল্প স্বজনদের স্মরণ করে সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘শিল্পী গৌতম চক্রবর্তী আমাকে ছবি আঁকার অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর গ্যালারি কায়ার বিভিন্ন কর্মশালায় ঘুরে আমি ছবি আঁকার প্রতি আগ্রহী হয়ে উঠি। ছবি সংগ্রহের ক্ষেত্রেও গৌতম আমাকে অনুপ্রাণিত করেছেন। সেই শুরু। এরপর যা করেছি, সেসব এ প্রদর্শনীতে মেলে ধরেছি।’

প্রদর্শনীতে রয়েছে সাইফুদ্দিনের ৮৯টি চিত্রকর্ম। অ্যাক্রিলিক, কালি ও তুলি, চারকোল, এচিং ও অ্যাকুয়াটিন্টের মতো মাধ্যমগুলোতে সৃষ্টি এসব কাজ যে কেউ দেখে আসতে পারবেন। প্রদর্শনী চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। শিল্পাঙ্গন খোলা থাকে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।