সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী
সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায় ঘোষণার জন্য ২৮ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত।

আজ বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২–এর বিচারক আয়েশা নাসরিন রায়ের এই তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক মামলাটি করে। মামলায় ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।