প্রজন্ম থেকে প্রজন্মকে স্পর্শ করতে জানা লেখাই কালোত্তীর্ণ। বাংলা কবিতার জগতে সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’ তেমনই এক অনন্য সাহিত্যকর্ম।
এখনকার তরুণেরাও ‘পরানের গহীন ভিতরে’র কবিতায় খুঁজে পান নিজের কথা। সৈয়দ শামসুল হকের মৃত্যুদিনে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থটির বিশেষ সংস্করণ বের করা হয়েছে। লেখকের আঁকা ছবির ব্যবহার, প্রথম প্রকাশের ভূমিকার সংযুক্তি, নির্ভুল বানান নিয়ে সচেতনতা আর যত্নের সঙ্গে সম্পাদিত হওয়ায় বিশেষ হয়েছে কাব্যটির এই সংস্করণ। কাব্যটির প্রকাশনা উৎসবে এসব কথাই উঠে এল কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকসহ উপস্থিত সবার আলোচনায়।
সৈয়দ শামসুল হকের আঁকা ছবি দিয়ে কাব্যগ্রন্থটির বিশেষ সংস্করণের প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শিল্পী অশোক কর্মকার। বইটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখে প্রয়াত সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক বললেন, ‘হলুদাভ রংটার ব্যবহার আর তাঁর (সৈয়দ শামসুল হক) স্বাক্ষরটি বইয়ে ছবির মতো করে বসানো হয়েছে।
তাকিয়েই মনে হচ্ছে, বইটি লেখকের অংশজাত। এ বইয়ে বানানের ব্যাপারে খুব সচেতনতা দেখিয়েছে প্রথমা। কিন্তু আফসোস হচ্ছে, তিনি দেখতে পারলেন না এমন একটি নির্ভুল বই। আসলে সৃষ্টিশীল মানুষের জীবনের কিছু উৎসব তাঁর মৃত্যুর পর হয়, যেখানে তিনি থাকেন নিজের সৃষ্টিকর্মের ভেতর দিয়ে।’
আজ বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই দিনে তাঁর ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থের বিশেষ সংস্করণ এল। এ বইটির প্রথম প্রকাশকালের স্মৃতি মনে আছে কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের। চার দশকেরও বেশি সময় আগে প্রকাশিত সে বইয়ের ভূমিকার প্রসঙ্গ টেনে আনিসুল হক বললেন, ‘সৈয়দ শামসুল হক শুধু প্রস্তুত লেখকই ছিলেন না, ছিলেন চিত্তসচেতন সৃজনশীল। লেখার করণ-কৌশল নিয়ে তিনিই আমাদের একমাত্র সাহিত্যিক, যিনি বই লিখেছেন। গল্পে–আড্ডায় মানুষ নিজেকে ভুলে যায়, কিন্তু সৈয়দ হক কখনো ভুলতেন না যে তিনি নিজে লেখক।’
সৈয়দ শামসুল হকের নিজের লেখকসত্তা নিয়ে সব সময় সচেতন থাকার গল্প উঠে এল প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের কথায়ও। তিনি বললেন, ‘লেখক মানেই এলোমেলো আর ছন্নছাড়া ভাব, এই ইমেজটা ভেঙে দিয়েছিলেন সৈয়দ হক। ভাষা ও ভাবনার ব্যবহারের মতো নিজের পোশাক নিয়েও সচেতন ছিলেন। তরুণ বয়সে টিএসএসির বারান্দায় টের পেয়েছিলাম তাঁর জনপ্রিয়তার মাপ। এ পাশ থেকে পরানের গহীন ভিতরের একটা লাইন শোনা গেল, তো ওপাশ থেকে এলো আরেক শব্দ। শিক্ষার্থীরা আড্ডার মাঝখানে আবৃত্তি করত পরানের গহীন ভিতর। এখনো হয়তো টিএসসিতে শিক্ষার্থীদের আড্ডায় শোনা যায় এ কবিতা।’
সৃজনশীলদের কখনো মৃত্যু হয় না, মন্তব্য করে কবি পিয়াস মজিদ বললেন, যখনই পাঠক তাঁর লেখা পড়েন, তখনই সে লেখকের নতুন জন্ম। আজ সৈয়দ শামসুল হকের মৃত্যুদিন বলে যেমন স্মরণীয়, একই সঙ্গে পরানের গহীন ভিতরের নির্ভুল একটি প্রকাশনার জন্যও দিনটি বিশেষ। বিশেষ দিনে সৈয়দ শামসুল হকের একটি বিশেষ গুণের স্মৃতিচারণা করলেন সাহিত্যিক–সাংবাদিক আখতার হুসেন।
ষাটের দশক থেকে সৈয়দ শামসুল হকের সঙ্গে তাঁর সখ্যের কথা উল্লেখ করে আখতার হুসেন জানালেন, তিনি শুধু যত্নবান লেখকই নন। সচেতন বক্তাও ছিলেন। তাই সৈয়দ শামসুল হক যখন যেকোনো প্রসঙ্গ নিয়েই কথা বলতেন, তা হতো বিশেষ কিছু। মনে হতো ওই বিষয়ে যেন একটি প্রবন্ধ পড়া হলো। আখতার হুসেনের এ কথার প্রতিধ্বনি উঠে এল সাংবাদিক জামিল বিন সিদ্দিকের কথায়। অনেক সময়ই প্রিয় লেখক আর প্রিয় থাকে না, কিন্তু সৈয়দ শামসুল হক সব সময়ই তাঁর প্রিয় লেখক হিসেবে আছেন বলে জানালেন তিনি।
সবশেষ স্মৃতিচারণা করলেন প্রাবন্ধিক, গবেষক মোরশেদ শফিউল হাসান। কয়েক দশক আগে চাকরিসূত্রে কুড়িগ্রামে ছিলেন তিনি। কলেজে বসে সামনে থাকা এক মাঠের দিকে তাকিয়ে থাকতেন সময় কাটাতে। সে মাঠের স্মৃতি এত বছর পরও স্পষ্ট। সেই মাঠেই বাংলা সাহিত্যের শক্তিমান লেখক সৈয়দ শামসুল হকের কবর হবে, তা কখনো কল্পনাও করেননি বলে জানান মোরশেদ শফিউল হাসান।
‘পরানের গহীন ভিতর’ বইটির প্রকাশনা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাভেদ হুসেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে মঙ্গলবার বিকেলে স্মৃতিচারণার আগে কাব্যগ্রন্থটি হাতে নিয়ে এর আনুষ্ঠানিক প্রকাশনা ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
সৈয়দ শামসুল হকের জীবদ্দশায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে পাঠকনন্দিত তাঁর অনেক বই। ‘শব্দই চিকিৎসিত করে’, ‘হে বৃদ্ধ সময়’, ‘এক নারীর জীবন’, ‘আনারকলি’, ‘যে কোনো দরোজার মতো’ বইগুলো প্রকাশ করেছে প্রথমা। পুরোনো বইয়ের হয়েছে নতুন সংস্করণ। লেখকের প্রয়াণের পরেও তাঁকে ভুলে যায়নি প্রথমা।
সৈয়দ শামসুল হকের অগ্রন্থিত উপন্যাস ‘পতন’ও প্রথমা প্রকাশন থেকেই বের হয়েছে। প্রতিবার যেমন একটি করে বই প্রকাশিত হয়, এবারও তেমনই বের হলো পরানের গহীন ভিতর–এর বিশেষ সংস্করণ। এবারের কাব্যগ্রন্থটির আরও বিশেষত্ব হলো, এতে সংযুক্ত হয়েছে ১৯৮১ সালে প্রথম প্রকাশকালে এই বই নিয়ে সৈয়দ শামসুল হকের লেখা ভূমিকাটি। ব্যবহার করা হয়েছে লেখকের নিজের আঁকা ৯টি ছবি।
পরানের গহীন ভিতর–এর এই সংস্করণের প্রচ্ছদের শেষ অংশে আনোয়ারা সৈয়দ হক লিখেছেন, ‘প্রথম প্রকাশের চার দশক অতিক্রম করেছে পরানের গহীন ভিতর। এখনো এর আবেদন সমান গভীর। সৈয়দ হক তাঁর কবিতায় জন্মে জন্মে বাংলায় কবি হয়ে ফিরে আসতে চেয়েছেন। আজ প্রতিদিনই তাঁর নতুন জন্ম হচ্ছে আমাদের পরানের গহীন ভিতরে।’