নির্বাচনে এত ভোট কীভাবে পড়ল, প্রশ্ন জাপা প্রার্থীর

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচন–পরবর্তী এক সংবাদ সম্মেলন করেন সামশুল আলম (বাঁ থেকে দ্বিতীয়)
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে এত ভোট দেখে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামশুল আলম। তিনি বলেন, কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েইনি। কিছু কেন্দ্রে ৫ থেকে ৩০টি ভোট পড়েছে। কিন্তু ফলাফলে দেখানো হয়েছে ৫৪ হাজার ৪৯৫ ভোট। এটা কীভাবে সম্ভব!

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচন–পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তবে তাঁর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

উল্লেখ্য, নির্বাচনে ১৫৬ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী সামশুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পান ১ হাজার ৫৭২ ভোট।

সামশুল আলম বলেন, ‘উপনির্বাচনটি প্রশ্নবিদ্ধ থেকে গেল। আমার মতে, পাঁচ–ছয় হাজারের বেশি ভোট পড়ার কথা নয়। অনেক কেন্দ্রের আমি ইভিএম মনিটরের ছবি তুলে রেখেছি। কিছু কিছু কেন্দ্রে নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা চেয়ার ছেড়ে গোপন কক্ষে ইচ্ছামতো ভোট দিয়েছেন। অনেক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নৌকার ছবি লাগিয়ে ভোট গ্রহণ করেছেন।’

নির্বাচন প্রত্যাখ্যান করে সামশুল আলম পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি আমরা। পুনরায় এই ফল বাতিল করে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে সামশুল আলম বলেন, ‘এভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনে জাতীয় পার্টি ভবিষ্যতে যাবে কি না, এ ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি বলে মনে করছি।’

সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে জাতীয় পার্টির নেতা জহুরুল ইসলাম রেজা, মো. সেলিম, মো. মঈনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সামশুল আলমের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘তিনি গতকাল কোথায় ছিলেন? এ বিষয়ে কোনো অভিযোগ তো তিনি আমাদের কাল কিংবা আজও দেননি। এসব অভিযোগ ভিত্তিহীন।’