
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের সঙ্গে কিছু তরুণের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জেলা যুবদল ও ছাত্রদলের কর্মীরা জড়িত বলে পুলিশ অভিযোগ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে হবিগঞ্জ সদর থানা-পুলিশের একটি পিকআপ ভ্যান শহরে টহল দিতে বের হয়। বেলা তিনটার দিকে এ পিকআপ ভ্যান শহরের শায়েস্তানগর এলাকায় পৌঁছালে আকস্মিক এক দল তরুণ গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ও ভাঙচুর চালান। এ সময় গাড়ির ভেতরে থাকা পুলিশ সদস্যরা ঘটনাটি মোকাবিলা করার আগেই হামলাকারীরা দ্রুত পালিয়ে পাশের শায়েস্তানগর আবাসিক এলাকায় আশ্রয় নেন। পুলিশও তাঁদের পিছু নিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। তবে তাৎক্ষণিক উভয় পক্ষের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, শহরে টহলে থাকা পুলিশের পিকআপ ভ্যানে যুবদল ও ছাত্রদলের কর্মীরা আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।