মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন

সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন জানিয়েছেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা সেবা দিতে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ওসিসির বর্তমান কার্যকারিতা, ভুক্তভোগীবান্ধব সমন্বিত সহায়তা সেবা শক্তিশালী করতে মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে, সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপিএর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর তথ্য তুলে ধরে নিপুণ রায় নোটিশে বলেন, দেশে ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং ৬২ শতাংশ ভুক্তভোগী কখনো তাঁদের অভিজ্ঞতা কারও কাছে প্রকাশ করেননি।

নিপুণ রায় বলেন, ‘একজন নারী যদি ঘরেও নিরাপদ না হন, একটি কন্যাশিশু যদি পরিচিত পরিবেশেও নিরাপদ না থাকে, তবে আমরা তাকে স্বাধীনভাবে বাঁচার কোন সাহস দেব?’

জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন বলেন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রথমে আটটি পুরোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হয়েছিল। পরে আরও ছয়টি নতুন মেডিক্যাল কলেজে চালু করা হয়। বর্তমানে ১৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে। এসব সেন্টারে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক সহায়তা, পুনর্বাসন এবং সমাজে পুনর্বাসনের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত ৮১ হাজার ৯২৮ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন সেবা পেয়েছেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এসব মেডিক্যাল কলেজে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এখন ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল রয়েছে। এর মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু আছে। পর্যায়ক্রমে ৬৪ জেলা এবং দেশের প্রতিটি উপজেলায় ওয়ানস্টপ ক্রাইসিস সেল বা সেন্টার চালু করার লক্ষ্য আছে।