ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

কনস্টেবল শোয়াইবুরসহ দুজন আবার রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবলদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শোয়াইবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আজ শনিবার এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কনস্টেবল শোয়াইবুর রহমান (৩২) ও নায়েক সজিব সরকারকে (২৭) আজ আদালতে হাজির করে আবার পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার এই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আবার তাঁদের দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

শোয়াইবুর ও সজিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কয়েকজন পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আসামি শোয়াইবুর রহমান ও সজিব সরকার উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়।