নতুন সেবা চালু করেছে দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি। এই সেবার আওতায় বিভিন্ন এআই প্ল্যাটফর্মের জন্য আলাদা সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক পেমেন্টের ঝামেলা দূর করে নিজেদের অ্যাপের মাধ্যমে একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে এসব সেবা ব্যবহারের সুযোগ দেবে এই দুই অপারেটর। ফলে গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা এই সেবা নিলে ঝামেলা ছাড়াই চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই, ডিপসিকসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার গ্রামীণফোন এবং বুধবার রবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সেবা চালুর কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, ‘ওয়ানএআই’ নামের এই সেবা চালু করেছে অপারেটরটি। মাইজিপি অ্যাপের মাধ্যমে একটি সাবস্ক্রিপশনে একাধিক এআই মডেল ও টুল ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা। এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক, ডিপসিক, জেমিনাইসহ বিভিন্ন এআই মডেল।
গ্রামীণফোন বলছে, শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং ও সফটওয়্যার তৈরি, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি ইত্যাদি কাজে ওয়ানএআই ব্যবহার করা যাবে। গ্রাহকেরা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরাসরি সেবাটি ব্যবহার করতে পারবেন এবং মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দের প্যাকেজ কিনতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য ওয়ানএআইয়ের প্যাকেজ শুরু হচ্ছে মাসে ৭১ টাকা থেকে। এতে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও কোডিংয়ে সহায়তার সুবিধা থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।
এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওয়ানএআইয়ের মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে এআই সহজলভ্য করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে বিশেষ করে শিক্ষার্থীদের হাতে এআইয়ের সম্ভাবনা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের পথ আরও সহজ হবে।
এর আগে বুধবার একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিয়ে ‘রবি এআই স্পেস’ চালুর ঘোষণা দেয় রবি আজিয়াটা। ‘এভরি এআই’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সেবাটি চালু করেছে অপারেটরটি।
রবির গ্রাহকেরা মাই রবি অ্যাপের মাধ্যমে ‘রবি এআই স্পেস’ ব্যবহার করতে পারবেন। এতে চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড ও ডিপসিকের মতো এআই মডেল ব্যবহারের সুযোগ থাকবে। একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কিনে এসব মডেল ব্যবহার করা যাবে।
রবি বলছে, আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনেক ব্যবহারকারী এত দিন বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করতে পারেননি। মাই রবি অ্যাপের মাধ্যমে মোবাইল ডেটা বান্ডল কিনে এআই মডেল ব্যবহার বা এআই টোকেন সংগ্রহের সুযোগ তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের মধ্যেই তাঁদের টোকেনের বর্তমান পরিমাণ দেখতে পারবেন।
শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের লক্ষ্য করে সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে রবি। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা ও দৈনন্দিন কাজের জন্য এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ থাকবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বাংলাদেশের বাজারে বৈশ্বিক ডিজিটাল টুল ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বাধা। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এআই প্ল্যাটফর্ম আনার মাধ্যমে সেই বাধা দূর করার চেষ্টা করা হয়েছে।