দুদকে পদায়ন ও বদলির ক্ষমতা সচিবের হাতে দেওয়ায় উদ্বেগ টিআইবির

দুর্নীতি–অনিয়মের অনুসন্ধান ও তদন্তকাজে নিয়োজিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষমতা দুদক সচিবের হাতে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ শনিবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

গত ১৮ ডিসেম্বর দুদকের ওয়েবসাইটে প্রকাশিত এ–বিষয়ক আদেশের বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দুদককে সাবেক ব্যুরোর মতো সরকারি প্রতিষ্ঠানে রূপান্তর করার অপপ্রয়াস হিসেবে পদায়ন ও বদলির ক্ষমতা দুদক চেয়ারম্যান এবং কমিশনারদের হাত থেকে সরিয়ে সচিবের হাতে ঢালাওভাবে ন্যস্ত করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটি পদদলিত করার প্রাতিষ্ঠানিকীকরণের হতাশাব্যঞ্জক দৃষ্টান্ত হিসেবে এ আদেশকে বিবেচনা করে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুদকের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যান ও তাঁর নেতৃত্বে কমিশনারদের হাতে অর্পিত। এই ক্ষমতা সচিবের হাতে দেওয়ার সিদ্ধান্তটি কী প্রক্রিয়ায়, কোন যুক্তিতে হলো? কমিশনের ক্ষমতা খর্ব হওয়ার শঙ্কার বিষয়টি কতটা বিবেচিত হয়েছে? এ সিদ্ধান্ত কি কমিশনের সজ্ঞানে গৃহীত, নাকি এত দিন যে এই সংস্থাকে ‘নখদন্তহীন বাঘ’ বলা হতো, সেটার বাস্তবে রূপান্তর করার এক অশুভ প্রয়াসের ফসল—এমন প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, এই আদেশের ছ অনুচ্ছেদের ৪ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, ঢালাওভাবে দুদক আইনের ১৬ ধারার আওতাভুক্ত সব এখতিয়ার বাস্তবায়নের ‘পূর্ণ ক্ষমতা’ সচিবের হাতে হস্তান্তর করা হয়েছে। এটি দুদকের স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার জনপ্রত্যাশার কফিনে শেষ পেরেক মারা ছাড়া আর কিছু নয়।

কমিশন কেন নিজের হাতে থাকা ওই ক্ষমতাসহ আরও কতিপয় গুরুত্বপূর্ণ এখতিয়ার সচিব তথা আমলাতন্ত্রের হাতে নিরঙ্কুশভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, সেটিরও স্পষ্টীকরণ প্রয়োজন বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটি পদদলিত করার প্রাতিষ্ঠানিকীকরণের হতাশাব্যঞ্জক দৃষ্টান্ত হিসেবে এ আদেশকে বিবেচনা করে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে টিআইবি।