প্রথম ঘণ্টায় ৩১ শতাংশ নবজাতক শাল দুধ পায় না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নবজাতক ও শিশুর পুষ্টির প্রধান উৎস মায়ের দুধ। দেশে শিশুপুষ্টির উন্নতি ঘটলেও এখনো ৩১ শতাংশ নবজাতক জন্মের এক ঘণ্টার মধ্যে শাল দুধ পায় না। আর ছয় মাস বয়সী শিশুদের ৩৫ শতাংশকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবারও দেওয়া হয়। যদিও ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে অন্য খাবার দেওয়া উচিত নয়।

আজ রোববার রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে শিশুপুষ্টি সম্পর্কে এসব তথ্য জানানো হয়। ১ আগস্ট থেকে এই সপ্তাহ পালিত হচ্ছে। এ বছর এই সপ্তাহের প্রতিপাদ্য, ‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে।’

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাণিজ্যিক শিশুখাদ্য শিশুর জন্য উপযুক্ত নয়। এটি শুধু অর্থনীতির বিষয় নয়। শিশুকে মায়ের দুধ খাওয়ালে মা ও সন্তানের মধ্যকার সম্পর্ক নিবিড় হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূল বক্তব্য উপস্থাপনের সময় বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। এ নিয়ে বাংলাদেশের সাফল্য আছে। শিশুদের খাওয়ানোর নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নের এক পর্যালোচনায় ৯৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১ নম্বরে দেখা গেছে।

স্বাগত বক্তব্যে জাতীয় পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টর এস এম মোস্তাফিজুর রহমান বলেন, বছরে ৩০ থেকে ৩৫ লাখ শিশুর জন্ম হয়। এদের মধ্যে ১০ লাখ শিশু কেন পূর্ণ ছয় মাস শুধু মায়ের দুধ পাচ্ছে না, তা খতিয়ে দেখা দরকার।

এর আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘দায়সারা গোছের কোনো কাজ করবেন না। যে কাজে হাত দেবেন, তা পূর্ণাঙ্গভাবে করবেন। তাতে সুফল বেশি পাওয়া যাবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।