প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুরুতর আহত ওই শিশুর চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, দেড় বছরের শিশুটিকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা ও তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে

আতিকুর রহমান আরও জানান, প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দেন।

আতিকুর রহমান বলেন, আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিন। একই সঙ্গে যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির আরও তিনজন স্বজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের দাফন করা হবে। নিহত ব্যক্তিরা ঢাকা থেকে পরিবার ও স্বজনদের নিয়ে একই গাড়িতে করে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বগুড়ার শেরপুরে তাঁরা দুর্ঘটনার শিকার হন।