দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।
এর আগে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশ্বের বেশ কিছু দেশের মুসলিমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন।