২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৬তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো।

আজ বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত আগামী ৯ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্ত–সংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।

ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। এর পর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করছে।