অনিন্দ্য ইসলাম অমিত
অনিন্দ্য ইসলাম অমিত

আমরা একটা কৌশল নিয়েছি, বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কয়েক দিন ধরে চলমান লোডশেডিং নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ঘাটতি তৈরি হয়েছে। তবে সরকার গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছে। আজ বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।

সচিবালয়ে আজ জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অবশ্যই ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। বারবার দুঃখপ্রকাশ করছি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোরই কিছু করার নেই। এখানে সবাই অসহায়। প্রকৃতি স্বাভাবিক হলে, গ্যাস নেওয়া যাবে এবং সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে।’

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সামিটের টার্মিনালে এলএনজি দিতে একটি জাহাজ অপেক্ষা করছে, সমুদ্র বৈরী হওয়ার কারণে স্থানান্তর করা যাচ্ছে না। আর এক্সিলারেটের টার্মিনাল আংশিক চলছে, এটি থেকে পুরো সক্ষমতায় সরবরাহ করতে হলে ৭২ ঘণ্টা পুরোপুরি বন্ধ রাখতে হবে। এটি একটি কঠিন সিদ্ধান্ত। এক্সিলারেটের সঙ্গে আলোচনা চলছে। কোন সময় বন্ধ করলে গ্রাহকদের দুর্ভোগ কম হবে, তা চিন্তা করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।

মালয়েশিয়া থেকে গ্যাস আনার বিষয়ে জানতে চাইলে, প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রতিনিধিদল দেশটিতে গেছে। এক কার্গো এলএনজি হয়তো শিগগিরই পাওয়া যাবে। আর আইএসও ট্যাংকারে করে এলএনজি আনার বিষয়টি একটি মধ্যমেয়াদি পরিকল্পনা।