বিটিআরসির গণশুনানিতে অভিযোগ

নেটওয়ার্ক দুর্বল, ইন্টারনেটের গতি কম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণশুনানিতে ইন্টারনেটের গতি নিয়ে ভোগান্তির অভিযোগ করেন গ্রাহকেরা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের জিইসির মোড়ে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল্লাহ আল কায়সার। তাঁর বাসা নগরের ফয়’স লেক এলাকায়। অফিস ও বাসা দুই জায়গাতেই তিনি মোবাইলের নেটওয়ার্ক পান না, সেটি গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক তিনটির ক্ষেত্রেই। আবার অফিসের নিচ তলায় তিনি বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ক পান না। আর সন্ধ্যার পর রবির ইন্টারনেটের গতি পাওয়া যায় না। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় তাঁকে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণশুনানিতে ইন্টারনেটের গতি নিয়ে নিজের ভোগান্তির বিষয়ে এ অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু ভিউতে এই গণশুনানির আয়োজন করা হয়।

এতে শুধু আবদুল্লাহ আল কায়সারই নন, তাঁর মতো আরও ১৮১ জন গ্রাহক সশরীর, ৯৪ জন অনলাইনে অংশ নিয়ে নানা অভিযোগ করেন। এসব অভিযোগের মধ্যে ছিল নেটওয়ার্কের নিম্নমান, দ্রুতগতির ইন্টারনেট না থাকা, শহরের চেয়ে গ্রামে ইন্টারনেটের গতি কম থাকা। এ ছাড়া টেলিযোগাযোগ খাতে নতুন নতুন সেবা চালুর মাধ্যমে চাকরির ক্ষেত্র বাড়ানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান এক গ্রাহক।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসব অভিযোগের জবাব দেন, ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে নেওয়া পদক্ষেপের কথা জানান এবং পরে আরও কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ, সংস্থার সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর প্রমুখ।

১৮১ জন গ্রাহক সশরীর, ৯৪ জন অনলাইনে অংশ নিয়ে নানা অভিযোগ করেন।

বিটিআরসি জানায়, গণশুনানিতে অংশ নেওয়ার জন্য ১৫ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়। শেষ হয় ২৪ নভেম্বর। নিবন্ধন করেছেন ৮৪৮ জন। তাঁরা অনলাইনে মোট ৬৬টি প্রশ্ন করেছেন। এ ছাড়া গণশুনানিতে উপস্থিত থেকে গ্রাহকেরা ২০টি প্রশ্ন করেন। অনলাইনে জুমে যুক্ত থাকা গ্রাহকদের কাছ থেকে আরও পাঁচ থেকে সাতটি প্রশ্ন আসে।

দুর্বল নেটওয়ার্ক, প্যাকেজ পান না খুঁজে

গ্রামে ইন্টারনেটের দুরবস্থার চিত্র তুলে ধরেন একজন গ্রাহক। রহমান মোস্তফা নামের ওই গ্রাহক গণশুনানিতে অভিযোগ করে বলেন, ‘গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করা খুবই টাফ। এ ছাড়া গ্রামাঞ্চলে রবির থ্রি-জিও উন্নত নয়। আগে ভালো ব্যবহার করা যেত।’

প্রশ্নের উত্তরে বিটিআরসির কর্মকর্তারা বলেন, নেটওয়ার্ক দুর্বল থাকার বিষয়টি সত্য। দেশের ৯৮ শতাংশ এলাকা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। কিন্তু সেবার মান সব জায়গায় এক নয়। শহর এলাকায় একটু ভালো। গ্রাম এলাকায় মান এখনো উন্নত হয়নি। কিন্তু অপারেটরদের নিয়মিত নির্দেশনা দেওয়া হয়।

পরের মাসে প্যাকেজ পাল্টে যায়

অভিযোগকারীদের একজন ছিলেন তৌহিদুল আলম চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, তিনি নিয়মিত রবির প্যাকেজ ব্যবহার করেন। এক মাসে তিনি যে প্যাকেজটি নেন, সেটি পরের মাসে আর খুঁজে পান না, পরিবর্তন হয়ে যায়। এ কারণে নবায়ন করতে পারেন না। তৌহিদুলের আরেকটি অভিযোগ হলো, প্যাকেজগুলোতে টকটাইম কম দেওয়া হয়। ইন্টারনেট সুবিধা বেশি দেওয়া হয়। কিন্তু তাঁর টকটাইমটাই বেশি দরকার।

এসব প্রশ্নের উত্তরে বিটিআরসির কর্মকর্তারা বলেন, গ্রাহককে না জানিয়ে প্যাকেজ পরিবর্তন করার বা বাদ দেওয়ার সুযোগ নেই। রবিকে আগে জানাতে হবে যে প্যাকেজটি আগামী মাস থেকে আর চলবে না। ফলে কোন প্যাকেজ কীভাবে নেওয়া হয়েছে, সময় কত দিন ছিল—এসব বিস্তারিত তথ্য দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

রেডিও যোগাযোগ ইকুইপমেন্ট লাইসেন্স নিয়ে ভোগান্তি

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ আবেদ হোসেন রেডিও সাইন ও রেডিও যোগাযোগ ইকুইপমেন্ট লাইসেন্স নিয়ে ভোগান্তির অভিযোগ করেন। তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের পর লাইসেন্স দেওয়া হয়। এই লাইসেন্স পেতে অনেক দিন দেরি হয়ে যায়। এটি সহজ করা উচিত। বিটিআরসির কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করার কথা বলেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, বিটিআরসি সরাসরি কোনো সেবা প্রদান করে না। তদারক করে। সেবা দেয় মুঠোফোন সেবাদানকারী সংস্থাসহ নানা প্রতিষ্ঠান। কিন্তু কোনো অভিযোগ এলে বিটিআরসি গুরুত্ব দিয়ে দেখে। গ্রাহকদের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।